সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: দুর্ঘটনার পর হরিশ্চন্দ্রপুর গামী ৩১ নং জাতীয় সড়কে কাবুয়ারোড এলাকায় কালী মন্দিরের সামনে লাগানো হল ট্রাফিক ব্যারিয়ার। শনিবার প্রাতঃভ্রমণে যাওয়া তিনজনকে সরাসরি ধাক্কা মারে একটি পিকআপ ভ্যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তুলসীহাটার ওই তিনজনের। গাড়ির চালক সহ আরেকজন গুরুতর জখম হয়েছেন।
Advertisement
মর্মান্তিক দুর্ঘটনার পর নড়েচড়ে বসে প্রশাসন। গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে হরিশ্চন্দ্রপুর থানা ও হরিশ্চন্দ্রপুর ট্রাফিকের উদ্যোগে রবিবার জাতীয় সড়কে চারটি ট্রাফিক ব্যারিয়ার লাগানো হয়। পাশাপাশি এদিন গাড়ি চালকদের সতর্ক করতে পথে নামেন হরিশ্চন্দ্রপুর ট্রাফিক ইনচার্জ নিখিল চৌধুরী। তিনি বলেন, শীতের সকালে রাস্তা কুয়াশায় ঢেকে থাকে। গাড়ি চালকদের সুরক্ষার্থে জাতীয় সড়কের ধারে বিদ্যুতের পোলে ও ব্যারিয়ারে রিফ্লেকটিভ স্টিকার লাগানোর পাশাপাশি বাইক, টোটো ও অটোতে লাগানো হল। দুর্ঘটনাস্থলে সোমবার থেকে সিভিক ভলান্টিয়ার মোতায়েন থাকবে।



