সংবাদদাতা, কালনা: বাইক চুরি করে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে চোরের দল। সেই দুর্ঘটনাগ্রস্ত বাইকের বিষয়ে তদন্ত করতে গিয়েই চোরেরা ধরা পড়ল পুলিসের জালে। ঘটনায় তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে নাদনঘাট থানার পুলিস। ধৃতরা হল সুজয় মল্লিক, রাজু দাস ও রাহুল মণ্ডল। তিনজনের বাড়ি কালনা থানার কোর্ট মোড় এলাকায়। ধৃতদের বুধবার কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, নাদনঘাট থানার উত্তর শ্রীরামপুরের বাসিন্দা সুভাষ অধিকারী ৩ নভেম্বর দুপুরে বাড়ির পাশে বাইকটি রেখে ঘরে ঢোকেন। ঘণ্টাখানেক বাদে বাইরে এসে দেখেন বাইকটি নেই। তিনি নাদনঘাট থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্ত শুরু করে। বিভিন্ন থানায় মেসেজ পাঠানো হয়। পরে পুলিস জানতে পারে বাইকটি চুরি করে নদীয়ার দিকে যাওয়ার পথে শান্তিপুর ফুলিয়াপাড়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। বাইকে থাকা তিনজন জখম হয়। শান্তিপুর থানা তদন্ত করে দেখে সেটি নাদনঘাট থানা থেকে চুরি যাওয়া বাইক। বাইকটি পুলিস উদ্ধার করে। তিনজনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার নাদনঘাট থানার পুলিস শান্তিপুর থানা থেকে নিজেদের হেফাজতে নিয়ে এদিন কালনা মহকুমা আদালতে পাঠায়। পুলিসের অনুমান এর পিছনে বড়সড় বাইক চুরির চক্র জড়িত। ধৃতদের পাঁচ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে নাদনঘাট থানার পুলিস।



