নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দুর্ঘটনার আটদিন পর রবিবার ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা খতিয়ে দেখতে নিউদিল্লি স্টেশনে গেলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গত ১৫ ফেব্রুয়ারি রাতে নিউদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১৮ যাত্রীর। তারপরেই প্রশ্ন উঠেছিল, এতবড় বিপর্যয়ের পরেও ঘটনাস্থলে রেলমন্ত্রী যাননি কেন? কিন্তু এক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর রবিবার ঘটনাস্থলে গিয়ে বৈষ্ণব ঠিক কী বার্তা দিতে চাইলেন, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। এদিন সন্ধ্যায় রেলভবনে আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করেন বৈষ্ণব। ‘ওয়ার রুম’ থেকে ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থাও খতিয়ে দেখেন। তারপরেই স্বচক্ষে গোটা ব্যবস্থা তদারকের সিদ্ধান্ত নেন তিনি।
Advertisement
এদিন স্টেশনে বৈষ্ণব সংশ্লিষ্ট ফুট ওভার ব্রিজে যান। ১৪, ১৫ এবং ১৬ নম্বর প্ল্যাটফর্মের হাল হকিকত খতিয়ে দেখেন। বর্তমানে স্টেশনের এই ১৬ নং প্ল্যাটফর্ম থেকেই যাবতীয় প্রয়াগরাজগামী কুম্ভ স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। পরে বৈষ্ণব বলেন, ভিড় নিয়ন্ত্রণের যাবতীয় ব্যবস্থাই করেছে রেল। টিকিট থাকলে তবেই সরাসরি প্ল্যাটফর্মে যেতে পারছেন যাত্রীরা। যাঁদের নেই, তাঁরা স্টেশনে এসে প্রথমে হোল্ডিং এরিয়ায় যাচ্ছেন। সেখানেই রয়েছে অসংরক্ষিত টিকিট কাটার ব্যবস্থা। টিকিট বুকিংয়ের পরেই প্ল্যাটফর্মে যাওয়ার ছাড়পত্র মিলছে।



