Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্ঘটনাপ্রবণ রাস্তা পরিদর্শনে রায়গঞ্জের পুলিস সুপার, সচেতনতায় ট্রাফিক পুলিস

দুর্ঘটনাপ্রবণ রাস্তা পরিদর্শনে রায়গঞ্জের পুলিস সুপার, সচেতনতায় ট্রাফিক পুলিস
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: দুর্ঘটনার কারণ জানতে সরেজমিনে দুর্ঘটনাপ্রবণ রাস্তা পরিদর্শন করলেন রায়গঞ্জের পুলিস সুপার সানা আখতার। পরপর কতগুলি দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে। তাই সোমবার বিকেলে আচমকাই দুর্ঘটনাপ্রবণ রাস্তা পরিদর্শনে বের হন পুলিস সুপার।
Advertisement
শিলিগুড়ি মোড় হয়ে শিল্পীনগর, মারাইকুড়া, ইটাহার, পানিশালা সহ একাধিক দুর্ঘটনাপ্রবণ স্থান ঘুরে দেখেন  তিনি। সামনাসামনি কথা বলেন কর্তব্যরত ট্রাফিক পুলিস আধিকারিক ও কর্মীদের সঙ্গে। বুঝে নেওয়ার চেষ্টা করেন সংশ্লিষ্ট রাস্তায় দুর্ঘটনা ঘটার একাধিক কারণগুলি। জেলার পুলিস সুপার বলেন, ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আমাদের বিভিন্ন ধরনের ভবিষ্যৎ পরিকল্পনা থাকে। সেইমতো দুর্ঘটনাপ্রবণ রাস্তা ঘুরে দেখা হল। সংশ্লিষ্ট এলাকায় কী ধরনের ব্যবস্থাপনা প্রয়োজন, তাও খতিয়ে দেখা হয়েছে।  অন্যদিকে, এদিনই যাঁরা নতুন ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য মুখিয়ে আছেন, পরিবহণ দপ্তরে আবেদন জানিয়েছেন। তাঁদেরকেও রায়গঞ্জ জেলা পুলিসের ট্রাফিক আধিকারিকরা সচেতনতামূলক পরামর্শ দেন। কর্মসূচিটির পোশাকি নাম ‘ড্রাইভিং লাইসেন্স মেলা’।  কর্ণজোড়ায় জেলাশাসক অফিসে চত্বরে ‘ড্রাইভিং লাইসেন্স মেলা’র আয়োজন করে জেলা পুলিস ও পরিবহণ দপ্তরের আধিকারিকরা। যেখানে উপস্থিত ছিলেন ট্রাফিকের ডিএসপি ওমর ফারুখ সহ অন্যান্য ট্রাফিক গার্ডের আধিকারিক ও পরিবহণ দপ্তরের আধিকরিকরা। বাইক চালানোর সময় হেলমেট পড়া, গাড়ি চালানোর সময় সিট বেল্ট ব্যবহার সহ নানা ধরনের পরামর্শ দেন তাঁরা।  পুলিস সূত্রে খবর, বিগত কয়েক সপ্তাহে রায়গঞ্জ শহর ও আশপাশের থানা এলাকায় পরপর পথ দুর্ঘটনা ঘটেছে। হেমতাবাদে পথ দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। শিল্পীনগরে সম্প্রতি একটি দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। বাইক চালিয়ে যাওয়ার সময় ডাম্পারের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়। তাঁর মেয়ে জখম হন। ঘাতক ডাম্পারে চাকায় পিষ্ট হন ওই বৃদ্ধ। এরপরই এধরনের একগুচ্ছ সচেতনতামূলক পদক্ষেপ পুলিসের।
সম্পর্কিত সংবাদ