কুম্ভমেলা থেকে ফেরার সময় পথ দুর্ঘটনার কবলে পড়লেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার রাজ্যসভা সাংসদ মহুয়া মাজি। চিকিৎসকরা জানিয়েছেন, নেত্রীর বাঁহাতের কব্জি ভেঙে গিয়েছে। এছাড়া চিড় ধরেছে পাঁজরেও । রাঁচির অর্কিড হাসপাতালে চিকিৎসাধীন মহুয়া। পুলিস সূত্রে জানানো হয়েছে, পূর্ণকুম্ভে স্নান সেরে বাড়ি ফিরছিলেন মহুয়া। সঙ্গে ছিলেন ছেলে সম্ভিত মাজি, পুত্রবধূ কৃতি শ্রীবাস্তব। বুধবার ভোর ৩টে ৪৫ নাগাদ লাতেহারের কাছে তাঁদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। চালক থাকলেও দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন সম্ভিত। সূত্রের খবর, সম্ভবত তিনি ঘুমিয়ে পড়েছিলেন। অন্যদের চোট গুরুতর নয়।



