সংবাদদাতা, জঙ্গিপুর: ঝাড়খণ্ডের পাকুড়ে বাইক দুর্ঘটনায় রাজমিস্ত্রির কাজে যাওয়া সামশেরগঞ্জের দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছয়। মৃতদের নাম মহম্মদ ইয়াজদানি(৩৪)ও ব্যারিস্টার শেখ(২৫)। তাঁদের বাড়ি সামশেরগঞ্জ থানার এলিজাবাদ গ্রামে। তাঁরা পাকুড়ে রাজমিস্ত্রির কাজ করতেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। বাড়িতে তাঁদের স্ত্রী ও ছেলেমেয়ে রয়েছে। এদিন বিকেলে কাজ শেষে দুই বন্ধু বাইকে চেপে গ্রামের বাড়িতে ফিরছিলেন। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারে। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। পুলিস দু’টি মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তাঁদের মৃত্যুর খবরে এলিজাবাদ গ্রামে শোকের ছায়া নেমে আসে।
Advertisement
জানা গিয়েছে, এদিন কাজ শেষ করে দুই বন্ধু বাইকে গ্রামে ফিরছিলেন। পাকুড় জেলার জাবড়াবোনা এলাকায় তাঁদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে গিয়ে সজোরে ধাক্কা মারে। তাঁরা পাশের নয়ানজুলিতে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। ওই দুই যুবক মাস কয়েক আগেই পাকুড়ে রাজমিস্ত্রির কাজে যান। মৃত ইয়াজদানির দাদা আব্দুল মাতিন বলেন, আমরা জানতে পেরেছি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে গিয়ে ধাক্কা মারে। তারপর তারা নয়ানজুলিতে ছিটকে পড়ে। ওখান থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ভাই ও তার বন্ধু দু'জনেই মারা গিয়েছে। ইয়াজদিনের বাড়িতে তাঁর স্ত্রী ও দুই ছেলে রয়েছে। আর ব্যারিস্টারের বাড়িতে তাঁর স্ত্রী ও চার ছেলেমেয়ে রয়েছে। বুধবার রাতে মৃতদেহ গ্রামের বাড়ি পৌঁছায়।



