Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্ঘটনা রুখতে পুরাতন মালদহ বাইপাসে বসবে ১০টি উচ্চ বাতিস্তম্ভ

দুর্ঘটনা রুখতে পুরাতন মালদহ বাইপাসে বসবে ১০টি উচ্চ বাতিস্তম্ভ
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: সন্ধ্যার পর আঁধারে ডুবে থাকছে পুরাতন মালদহের বাইপাস। প্রায় প্রতিদিনই ১২নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এই রাস্তায় দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা রুখতে বাইপাসের রূপসনাতন মোড়, নিত্যানন্দপুর সহ ১০টি জায়গায় উচ্চ বাতিস্তম্ভ বসাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ওই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কাজ শেষ হলে পথচারীদের সুবিধা হবে বলে দপ্তর জানিয়েছে। 
Advertisement
১২নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষের মালদহের দায়িত্বে থাকা এক ইঞ্জিনিয়ার বলেন, সড়ক বিভাগের সেফটি ফান্ড থেকে ৬৫ লক্ষ টাকা ব্যয়ে ১০জায়গায় উচ্চ বাতিস্তম্ভ বসানো হচ্ছে। সেখানে একটিতে ৬টি করে বাতি থাকবে। সন্ধ্যার পর এলাকাগুলি অন্ধকার হয়ে থাকত। এবার সেই এলাকাগুলি আলোকিত হবে। 
১৫ বছর আগে মালদহে পুরনো জাতীয় সড়কে ব্যাপক যানজট হত। বিকল্প হিসাবে জেলায় নতুন বাইপাস তৈরির উদ্যোগ নেওয়া হয়। বছর পাঁচেক আগে বাইপাস চালু হয়েছে। পুরাতন মালদহ এবং ইংলিশবাজারের এলাকা দিয়ে ওই বাইপাসের রাস্তা গিয়েছে। অভিযোগ, ইংলিশবাজার এলাকায় বাইপাস আলোকিত থাকলেও পুরাতন মালদহের গ্রামীণ এলাকা ঘুটঘুটে অন্ধকার হয়ে থাকে। এরফলে এলাকাগুলিতে সন্ধ্যার পর পথচারীদের কার্যত প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হয়। বাইপাসের অন্ধকারে চলন্ত গাড়ির হেডলাইট পথচারীদের সরাসরি চোখে এসে পড়ায় বিপদ বাড়িয়ে তোলে। রাতে গুরুত্বপূর্ণ রোড পারাপার হতেও পথচারীরা ভীত বোধ করেন। মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। ভুক্তভোগীরা বাতি বসানোর দাবিতে সরব হয়েছিলেন। জাতীয় কর্তৃপক্ষর উদ্যোগে সেই কাজ হচ্ছে। স্থানীয়রা উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। 
পুরাতন মালদহের বাসিন্দা গদাধর ঘোষ বলেন, রাতে বাইপাসে যানবাহনগুলি বেপরোয়াভাবে চলছে। বাইক চালাতে ভয় হয়। অন্ধকারে মাঝেমধ্যেই ওই এলাকায় চুরি বাড়ছে। আমরা বাইপাসে প্রাণ হাতে নিয়ে যাতায়াত করি। শীতের কুয়াশায় আরও সমস্যা হবে। এর আগে অনেকে মানুষ দুর্ঘটনার কবলে পড়েছেন। বাতি বসানো দরকার ছিল। মালদহর বিধায়ক গোপাল সাহা বলেন, সড়ক বিভাগ কাজ করছে। এতে দুর্ঘটনা, ছিনতাইয়ের মতো ঘটনাগুলি কমবে। আলোয় মানুষের সুবিধা হবে। 
সম্পর্কিত সংবাদ