সংবাদদাতা, গঙ্গারামপুর: রবিবার হরিরামপুর থানার মেহেন্দিপাড়া এলাকায় চকলেট কিনতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৬ বছরের শিশুর। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম জুয়েল বর্মন। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মেহেন্দিপাড়ার মিশনমোড় এলাকায় শিশুটি ৫১২ নং জাতীয় সড়ক পেরিয়ে রাস্তার ওপারের দোকানে চকলেট কিনতে যাচ্ছিল। সেই সময় মালদহগামী একটি লরি শিশুকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনার পর জাতীয় সড়কে দেহ পড়ে থাকায় যানজট শুরু হয়। হরিরামপুর থানার পুলিস দেহ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে। অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্তে নেমেছে পুলিস।



