Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্ঘটনায় মৃত্যু দ্বাদশের ছাত্রের

দুর্ঘটনায় মৃত্যু দ্বাদশের ছাত্রের
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ইটাহার: বন্ধুকে নিয়ে দিদির বাড়ি ঘুরতে যাওয়া আর হল না। মাঝপথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ভাইয়ের। আশঙ্কাজনক মৃতের বন্ধু। বৃহস্পতিবার দুপুরে ইটাহারের তিলনা এলাকায় ইটাহার বালুরঘাট রাজ্য সড়কের ঘটনা। মৃতের নাম রেহান আক্তার (১৮)। বাড়ি ঘেড়া এলাকায়। আশঙ্কাজনক বাইক আরোহীর নাম মিনাজুল আলম। তাঁর বাড়ি মাধবপুর এলাকায়। 
Advertisement
রেহান উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য ইটাহার উত্তরপাড়ার একটি মেসে থাকতেন। সেখানে থেকে ইটাহারের একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন। ঘেড়ার বাড়িতে থাকতেন রেহানের মা ও বাবা। কয়েক মাস আগে রেহানের দিদির বিয়ে হয়েছে হরিরামপুরে। তাঁর বাড়িই যাচ্ছিলেন রেহান। তাঁর বাইকে সঙ্গে ছিলেন বন্ধু মিনাজুল। হরিরামপুরে যাওয়ার পথেই এই দুর্ঘটনা।
তিলনা এলাকায় রাজ্য সড়কের ধারে একটি লোহার খুঁটিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রেহানের বাইক। দুমড়েমুচড়ে যায় বাইকটি। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসক রেহানকে মৃত বলে ঘোষণা করেন। মিনাজুলকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। 
ইটাহার হাসপাতালে রেহানের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁর মা, দিদি সহ পরিজনরা। মৃতের আত্মীয় ভারু মহম্মদ জানান, রেহান এলাকায় খুব ভালো ছেলে হিসেবে পরিচিত ছিল। ভাড়াবাড়িতে থেকে পড়াশোনা করত। হাসপাতাল থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় রায়গঞ্জ মেডিক্যালের মর্গে। তরতাজা ছেলের মৃতদেহ দেখে বারবার মূর্ছা যাচ্ছেন মা কোহিনুর বিবি। পুলিস দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।
সম্পর্কিত সংবাদ