সংবাদদাতা, বহরমপুর: বাইক ও চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃতের নাম নাসিম শেখ(১৬)। বাড়ি কালীগঞ্জ থানার জানকিনগরে। বৃহস্পতিবার সন্ধ্যায় ১২ নম্বর জাতীয় সড়কে কালীগঞ্জ থানার মরাদিঘি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। গুরুতর জখম অবস্থায় রাতে তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানেই তার মৃত্যু হয়। পুলিস ঘাতক গাড়িটি আটক করেছে।
Advertisement
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে নাসিম তার বন্ধুর সঙ্গে বাইকে ফুটবল খেলা দেখতে গিয়েছিল। ফেরার সময় বন্ধুর বাইক চালাচ্ছিল নাসিম। মরাদিঘি এলাকায় চারচাকা গাড়ির সঙ্গে বাইকটির সংঘর্ষ হয়। নাসিম ও তার বন্ধুকে গুরুতর জখম অবস্থায় পলাশী হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রাতে সেখানেই নাসিমের মৃত্যু হয়। জখম অপরজনের চিকিৎসা চলছে। মৃতের কাকা আতাউল রহমান বলেন, বন্ধুর সঙ্গে খেলা দেখতে গিয়েছিল। ফেরার পথে দুর্ঘটনা হয়। কালীগঞ্জ থানা থেকে আমাদের খবর দেওয়া হয়।



