Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্ঘটনায় জখম চাঁচলের জেলা পরিষদ সদস্য সাইরা

দুর্ঘটনায় জখম চাঁচলের জেলা পরিষদ সদস্য সাইরা
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, চাঁচল: বাড়ি থেকে বেরিয়ে ৫ কিমি অদূরে দুর্ঘটনার কবলে পড়লেন মালদহ জেলা পরিষদের ১৪নং আসনের সদস্য সাইরা বানু। এই ঘটনায় জেলা পরিষদ সদস্য ও চালক সহ তিন জন জখম হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁর চালক কেকারু দাস। এই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন পরিষদ সদস্যের স্বামী তথা তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা চাঁচলের মহম্মদ সামিউল ইসলাম। যদিও পুলিসের প্রাথমিক অনুমান, এটা নিছক দুর্ঘটনা। জানা গিয়েছে, শুক্রবার দুপুরে চাঁচলের বাড়ি থেকে মালদহের উদ্দেশে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন সাইরা বানু। এদিন তাঁর জেলা পরিষদের বাজেট বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু চাঁচলের বাইপাস সড়কের বীরস্থলি এলাকায় তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উল্টো দিক থেকে আসা চালভর্তি একটি ভুটভুটির চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ঠিক সেই সময় ভুটভুটি গাড়ির সামনে পড়ে যায়। এতে গাড়িটি পাশ কাটাতে গিয়ে কিছুটা নীচে নেমে উল্টে যায়। স্থানীয়রা জখমদের উদ্ধার করে চাঁচল হাসপাতালে ভর্তি করেন। সাইরা বানুর স্বামী প্রাক্তন জেলা পরিষদ সদস্য সামিউল ইসলাম বলেন, আমি সবসময় গাড়ি ব্যবহার করি। এদিন আমি ছিলাম না। আমার উপর ষড়যন্ত্র করার জন্যই কে বা কারা দুর্ঘটনাটি ঘটিয়েছে। সেই তত্ত্ব বের করতে থানায় অভিযোগ করব। দলীয় নেতৃত্বকেও বিষয়টি জানিয়েছি। 
Advertisement
তৃণমূল নেতার এমন অভিযোগে গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া দেখছে বিজেপি। বিজেপির উত্তর মালদহের যুব মোর্চার সভাপতি অয়ন রায় বলেন, তৃণমূলের সবস্তরেই গোষ্ঠীদ্বন্দ্ব। তবে ষড়যন্ত্র না দুর্ঘটনা, পুলিস আসল ঘটনা উদঘাটন করবে। এপ্রসঙ্গে মালদহের জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, কীভাবে ঘটনা ঘটল পুলিস তদন্ত করে দেখছে। জখমদের দ্রুত আরোগ্য কামনা করছি। জেলা ও ব্লকের নেতারা সবাই একসঙ্গে ঐক্যবদ্ধভাবে চলছেন। চাঁচল থানার এক আধিকারিক বলেন, চালভর্তি ভুটভুটিটিকে আটক করা হয়েছে। চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ