Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্ঘটনায় বাইক চালকের মৃত্যু

দুর্ঘটনায় বাইক চালকের মৃত্যু
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কালনা: বুধবার রাতে কালনা-বৈচি রোডের শিরিষতলায় দুর্ঘটনায় এক বাইক চালকের মৃত্যু হয়েছে। মৃত বিপ্লব মিস্ত্রির(৩৩) বাড়ি জামালপুর থানার জৌগ্রামে। বৃহস্পতিবার কালনা মহকুমা হাসপাতালে দেহের ময়নাতদন্ত হয়। বাইকের পিছনে বসা ব্যক্তি জখম হয়েছেন। পুলিস জানিয়েছে, বুধবার বিপ্লববাবু তাঁর পরিচিত শানু মিস্ত্রিকে নিয়ে বাইকে কালনায় এক আত্মীয়র বাড়িতে বেড়াতে আসেন। সন্ধ্যার পর তাঁরা বাড়ি ফিরছিলেন। রাত ৯টা নাগাদ কালনা-বৈচি রোডের শিরিষতলায় একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই বিপ্লববাবুর মৃত্যু হয়। শানু মিস্ত্রিকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
Advertisement
রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে ভারা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হল। মৃত সুকুর আলি শেখের(৪৮) বাড়ি হুগলি জেলার বলাগড় থানার আয়দা গ্রামে। মঙ্গলবার তিনি গ্রামেই একটি বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন। সেসময় ভারা থেকে নীচে পড়ে যান। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কালনা সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সন্ধ্যায় সেখানেই তাঁর মৃত্যু হয়।
বুধবার সন্ধ্যায় কালনা-ব্যাণ্ডেল রেলপথের খামারগাছি স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় এক প্রৌঢ়ার মৃত্যু হয়। মৃতা রামিচা মণ্ডলের(৫৫) বাড়ি কালনা থানার কল্যাণপুরে। জিআরপি জানিয়েছে, বুধবার ওই প্রৌঢ়া খামারগাছি স্টেশনে নেমে বোনের বাড়ি যাওয়ার জন্য রেললাইন পার হচ্ছিলেন। সেসময় ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। কালনা জিআরপি দেহ উদ্ধার করে। বৃহস্পতিবার কালনা মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত হয়।   
সম্পর্কিত সংবাদ