সংবাদদাতা, ডোমকল: প্রতিভার অভাব ছিল না। বরং অন্যান্য জায়গার থেকে খেলাধুলোয় অনেকটাই এগিয়ে থেকেছে মুর্শিদাবাদের ডোমকল। তবে উন্নত মানের কোনও মাঠ না থাকায় অনুশীলন করতে গিয়ে সমস্যায় পড়তে হয় খেলোয়াড়দের। তবে শুধু খেলোয়াড় নয়, মহাকুমা শহরে বড় কোনও খেলার আয়োজন করতে গেল গ্যালারির ব্যবস্থা না থাকায় ফ্যাসাদে পড়তে হয় আয়োজকদের। তাই ডোমকলবাসীর দীর্ঘদিনের দাবি ছিল ডোমকলে একটি উন্নতমানের স্টেডিয়াম তৈরি করা হোক। দেরিতে হলেও এবারে সেই দাবি পূরণ হচ্ছে মহকুমাবাসীর। প্রায় দু’কোটি ১৮ লক্ষ টাকা খরচে মুর্শিদাবাদ জেলা পরিষদের উদ্যোগে ডোমকল স্পোর্টস কমপ্লেক্স মাঠে তৈরি করা হচ্ছে আধুনিক মানের স্টেডিয়াম। বৃহস্পতিবার বিকেলে ওই স্টেডিয়ামের আনুষ্ঠানিকভাবে শিল্যান্যাস করা হয়। এদিন ফিতে কেটে ওই স্টেডিয়ামের শিল্যান্যাস করেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান, অতিরিক্ত জেলাশাসক(জেলা পরিষদ) শামসুর রহমান প্রমুখ।
Advertisement
সভাধিপতি বলেন, গতবছর এই মাঠে একটি খেলার অনুষ্ঠানে এসেছিলাম। ক্রীড়াপ্রেমীরা একটি স্টেডিয়াম তৈরির দাবি জানিয়েছিল। আমরা কথা দিয়েছিলাম চেষ্টা করব। অবশেষে আমরা আমাদের কথা রাখতে পেরেছি।



