Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দীর্ঘদিন সংস্কার হয়নি দুই জেলার সংযোগকারী পথের, ভোগান্তি 

দীর্ঘদিন সংস্কার হয়নি দুই জেলার সংযোগকারী পথের, ভোগান্তি 
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইটাহার: প্রায় দশবছর ধরে বেহাল উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার সংযোগকারী চারশো মিটার রাস্তা। ফলে যাতায়াতে চরম সমস্যায় দুই জেলার কয়েক হাজার মানুষ। রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন ইটাহার ব্লকের মারনাই গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর গ্রামের মানুষ। তাঁদের অভিযোগ, দুই জেলার টানাপোড়েনে রাস্তার কাজ থমকে আছে। তবে রাস্তাটি মেরামতের আশ্বাস দিয়েছেন ইটাহারের বিডিও দিব্যেন্দু সরকার। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কটি ইটাহার ব্লকের বালিয়াপাড়া হয়ে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকে চলে গিয়েছে। গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে প্রতিদিন শতাধিক টোটো, বাইক, অটো, ভুটভুটি, লরি চলাচল করে। ইটাহারের মারনাই অঞ্চলের বালিয়াপাড়া, ঠিলবিল, ঠাকুর নগর, ইসলামপুর সহ হরিরামপুর ব্লকের চহটপুর, কলাইবাড়ি, চণ্ডীপুর, গোকর্ণ সহ প্রায় ৩০ টি গ্রামের কয়েক হাজার মানুষ ওই বেহাল রাস্তায় ঝুঁকি নিয়ে চলাচল করেন। এই গ্রামীণ রাস্তাটি ১২ নম্বর জাতীয় সড়কের সঙ্গে যুক্ত। ফলে ইটাহার, রায়গঞ্জ, শিলিগুড়ি, মালদহ, কলকাতা যেতে এই বেহাল রাস্তা ভরসা স্থানীয়দের। টোটোচালক বাপ্পা ঘোষ জানান, রাস্তায় বিরাট বিরাট গর্ত। গত ১৭ সালের বন্যায় রাস্তাটি আরও খারাপ হয়ে গিয়েছে। হরিরামপুরের কলাইবাড়ির বাসিন্দা প্রফুল্ল ঘোষ ও ইটাহারের ইসলামপুর গ্রামের বাসিন্দা লোকমান আলি জানান, চলাচলের অযোগ্য হলেও এই রাস্তা দিয়েই আমাদের চলতে হয়। ওই সড়কের কিছুটা অংশ গতবছর ইটাহারের বিধায়ক মোশারফ হুসেনের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলা পরিষদ মেরামত করে। কিন্তু এখনও সংস্কার  বাকি রাস্তার প্রায় চারশো মিটার। স্থানীয়দের বক্তব্য, প্রশাসনকে বারবার জানিয়েও কোনও কাজ হচ্ছে না। বিধায়ক মোশারফের বক্তব্য, বাকি রাস্তাটুকুও দ্রুত সংস্কার করা হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ