Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্বল খুকুরদহ সেতুতে ১৬ টনের  বেশি ভারী গাড়ি চলাচল নিষিদ্ধ

দুর্বল খুকুরদহ সেতুতে ১৬ টনের  বেশি ভারী গাড়ি চলাচল নিষিদ্ধ
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: আজ রবিবার থেকে ঘাটাল-মেচোগ্রাম সড়কে ভারী গাড়ি চলাচল করতে পারবে না। ওই রাস্তার উপর খুকুরদহ সেতুটি খুব দুর্বল। ওই সেতুর উপর দিয়ে ১৬.২ টনের বেশি ভারী গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদেরি এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন। মহকুমার ট্রাফিক পুলিসের এক আধিকারিক জানান, জেলাশাসকের নির্দেশমতো ৫ জানুয়ারি থেকে ওই সেতুতে ভারী যান চলাচল বন্ধ রাখা হবে।
Advertisement
ঘাটাল মহকুমায় রেল যোগাযোগ নেই। তাই পাঁশকুড়া স্টেশন থেকে যে রাস্তাটি মুম্বাই রোড পেরিয়ে চন্দ্রকোণা রোড স্টেশন অবধি গিয়েছে, সেই সড়কের উপরই মহকুমার মানুষ নির্ভরশীল। ওই সড়কে অনেকগুলি সেতু থাকলেও খুকুরদহ, গৌরা ও ঘাটাল শহরে শিলাবতী নদীর উপরের সেতু খুবই  দুর্বল। অথচ ওই সেতু দিয়েই ৩০-৪০ টনের বেশি মালবাহী গাড়ি নিয়মিত যাতায়াত করে। প্রচুর ভারী গাড়ি যাতায়াতের জেরে সেতুটি ভেঙে পড়তে পারে। পূর্তদপ্তরের তরফে খুকুরদহ সেতু সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। সেতুটি কী অবস্থায় রয়েছে, তা দেখা হচ্ছে।
পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ বলেন, এবার থেকে ওই সেতু দিয়ে ১৬.২ টনের বেশি ওজনের কোনও গাড়ি যাতায়াত করতে পারবে না। সেতু পেরোনোর সময় গাড়ির গতিও প্রতি ঘণ্টায় ১০ কিলোমিটারের বেশি থাকা চলবে না। জেলাশাসক এমনই নির্দেশ জারি করেছেন।
এর আগে ২০১৯ সালের ১১ এপ্রিল ঘাটালের মহকুমা শাসক ওই সেতু দিয়ে ২০ টনের বেশি ভারী গাড়ি যাতায়াত বন্ধে নির্দেশিকা জারি করেছিলেন। সেতুর দু’দিকে বোর্ডে সেই নির্দেশিকা লেখাও ছিল। কিন্তু সেই নিয়মকে উপেক্ষা করেই ৩০-৪০টনের লরি নিয়মিত যাতায়াত শুরু করে। পূর্তদপ্তরের ইঞ্জিনিয়াররা জানান, এর ফলে সেতুর অবস্থা আরও খারাপ হয়ে পড়েছে।
এবার যাতে আর ওই সেতু দিয়ে ভারী গাড়ি যাতায়াত করতে না পারে, সেজন্য জেলার কেশপুরের পুরনো বাসস্ট্যান্ড, চন্দ্রকোণা শহরের গাছশীতলা মোড়, দাসপুরের বকুলতা, চন্দ্রকোণার নেকড়বাগ ও মেদিনীপুরের ভাদুতলায় ট্রাফিক পুলিস রেখে ভারী গাড়ি অন্যদিকে পাঠিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে হুগলি গ্রামীণ বা বাঁকুড়া থেকে হলদিয়া বা হাওড়া-কলকাতা রুটের ভারী গাড়ি কেশপুর, গাছশীতলা মোড়, ক্ষীরপাইয়ের হালদারদিঘি, রামজীবনপুর হয়ে কামারপুকুর যাবে। কিছু গাড়ি ভাদুতলা, পীড়াকাটা, লালগড় হয়ে মেদিনীপুরে যাতায়াত করবে।
সম্পর্কিত সংবাদ