নয়াদিল্লি: বাপ কা বেটা, সিপাই কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া। আর্যবীর সেওয়াগ ও অন্বয় দ্রাবিড়ের ক্ষেত্রে এই প্রবাদটি যথোপযুক্ত। দু’জনেই ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁরা ওয়ান ডে সিরিজ খেলবেন দেশের জার্সি গায়ে চাপিয়ে। যার মধ্যে দিয়ে বাইশ গজে ফিরছে দ্রাবিড়-সেওয়াগ জুটি।
বীরেন্দ্র সেওয়াগের পুত্র আর্যবীর ইতিমধ্যেই ঘরোয়া ক্রিকেটে সাড়া ফেলেছেন। বাবার পদাঙ্ক অনুসরণ করে দাপিয়ে বেড়াচ্ছেন আর্যবীরও। মারকুটে ব্যাটার হিসাবে চর্চায় রয়েছে তাঁর নাম। ডানহাতি ব্যাটার আর্যবীর সম্প্রতি দিল্লি প্রিমিয়ার লিগে খেলেছেন। ওয়েস্ট দিল্লি লায়ন্সের হয়ে ধুন্ধুমার ব্যাটিং দেখে অনেকেই তাঁর মধ্যে বীরুকে খুঁজে পাচ্ছেন। এর আগে কোচবিহার ট্রফিতেও মেঘালয়ের বিরুদ্ধে ২৯৭ করেছিলেন সেওয়াগ-পুত্র।
এদিকে, রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয় অবশ্য আগেই যুব দলে জায়গা পেয়েছেন। উইকেটকিপার-ব্যাটার হিসেবে শ্রীলঙ্কা সফরেও গিয়েছিলেন। টিম ম্যানেজমেন্টের আস্থার পূর্ণ মর্যাদা রাখেন। সেই ভরসাতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে দলে তাঁর জায়গা পাওয়া। ভারতীয় ক্রিকেটে রাহুল দ্রাবিড় ও বীরেন্দ্র সেওয়াগের অবদান অনস্বীকার্য। বহু ম্যাচে তাঁরা কাঁধে কাঁধ মিলিয়ে দলকে জিতিয়েছেন। দু’জনের খেলার ঘরানা ছিল অবশ্য ভিন্ন। সেওয়াগ চালিয়ে খেলতেন। দ্রাবিড়ের ছিল শক্তিশালী ডিফেন্স। তাঁকে ‘দ্য ওয়াল’ বলেও ডাকা হয়। আর্যবীর-অন্বয়দের হাত ধরে দ্রাবিড়-সেওয়াগ জুটির দ্বিতীয় অধ্যায় কতটা সফল হয়, সেটাই দেখার।