Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রাস্তার মাঝে ড্রেন, বাঘাডাঙা থেকে চাঁদসড়কে যাতায়াতে চরম সমস্যা

রাস্তার মাঝে ড্রেন, বাঘাডাঙা থেকে চাঁদসড়কে যাতায়াতে চরম সমস্যা
  • ১৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কৃষ্ণনগর: কৃষ্ণনগর শহরের ১৬ নম্বর ওয়ার্ডের বাঘাডাঙা-চাঁদসড়কে যাতায়াত করতে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় মানুষ থেকে পথচারীরা। রাস্তার মাঝখান দিয়ে তৈরি হয়েছে উঁচু ড্রেন। যা এলাকাবাসীর কাছে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাস্তার মাঝে ড্রেন তৈরি হওয়ায় সাইকেল, বাইক চলাচলে সমস্যা হচ্ছে। পথচারীরাও সমস্যায় পড়ছেন। সাধারণত রাস্তার পাশেই ড্রেন থাকে যাতে জলনিকাশের সুবিধা হয়। কিন্তু, এখানে ড্রেন তৈরি করা হয়েছে রাস্তার মাঝে। যা রাস্তাকে দু’ভাগে ভাগ করেছে। আর রাস্তা থেকে ড্রেন উঁচুতে থাকায় সাইকেল, বাইক, রিকশ, ভ্যান কিংবা ছোট গাড়ি পারাপার করতে গিয়ে খুবই সমস্যায় পড়তে হয়। ঠিকমতো জলনিকাশি না হওয়ায় বর্ষায় অবস্থা আরও খারাপ হয়েছে। কারণ, রাস্তার চেয়ে ড্রেন উঁচু হওয়ায় নিকাশ না হওয়ায় জল জমে থাকে।  এই রাস্তা দিয়ে প্রতিদিন বহু মানুষ কৃষ্ণনগর শহর ও আশপাশের এলাকায় যাতায়াত করেন। স্থানীয় বাসিন্দারা বলেন, এমনিতেই বৌবাজার থেকে শুরু করে মোংলাপাড়া, চাঁদসড়ক, বাঘাডাঙা সব জায়গাতেই রাস্তার অবস্থা খুব খারাপ। তার উপর রাস্তার মাঝে উঁচু ড্রেনের জন্য প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

Advertisement

পথচারী সুনন্দা দাস বলেন, রাস্তার মাঝে ড্রেন থাকা অবৈজ্ঞানিক। আমাদের হাঁটাচলা করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। রাতে আলো কম থাকলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। বর্ষায় সমস্যা আরও বেড়েছে। এক টোটোচালক রবীন মণ্ডল বলেন, পুরো কৃষ্ণনগর শহরে যাত্রী নিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়েছে।  রাস্তা খারাপের জন্য মাঝে মাঝেই টোটো উল্টে যাচ্ছে। তার উপর কিছু কিছু রাস্তায় আবার মাঝখান দিয়ে ড্রেন তৈরি করা হয়েছে। সেই ড্রেন রাস্তা থেকে উঁচুতে করা হয়েছে। কার বুদ্ধিতে এমনটা হয়েছে কে জানে। 
১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুমিত ঘোষ বলেন, ড্রেনের কাজ অনেকদিন আগে থেকেই চলছে। মাঝে কিছু অসুবিধার কারণে কাজ বন্ধ ছিল। দ্রুত কাজ চালু হবে। তখন রাস্তার মাঝখানের ড্রেনের সমস্যা ঠিক করা হবে। 
 পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের রাস্তার মাঝে উঁচু ড্রেন। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ