Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

দুয়ারে রেশন কর্মসূচিকে তোয়াক্কা না করে বাড়ি সামগ্রী বণ্টনের অভিযোগ

রাজ্য সরকারের দুয়ারে রেশন কর্মসূচিকে তোয়াক্কা না করে নিজের বাড়ি থেকেই বছরের পর বছর ধরে রেশন সামগ্রী বণ্টন করছেন ডিলার। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার রেশন ডিলারের বাড়িতে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা।

দুয়ারে রেশন কর্মসূচিকে তোয়াক্কা না করে বাড়ি সামগ্রী বণ্টনের অভিযোগ
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানিকচক: রাজ্য সরকারের দুয়ারে রেশন কর্মসূচিকে তোয়াক্কা না করে নিজের বাড়ি থেকেই বছরের পর বছর ধরে রেশন সামগ্রী বণ্টন করছেন ডিলার। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার রেশন ডিলারের বাড়িতে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। এদিন ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচক থানার নিরঞ্জনপুর গ্রামে। পাশাপাশি রেশনে কারচুপি সহ দুর্নীতির অভিযোগ তুলেছেন গ্রাহকরা। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন রেশন ডিলার।
Advertisement
মানিকচক ব্লকের অন্তর্গত নাজিরপুর গ্রামের রেশন ডিলার বিশ্বজিৎ সরকার। অভিযোগ, বিগত এক বছর ধরে রেশন সামগ্রীতে কারচুপি করছেন তিনি। দুয়ারে সরকারের মাধম্যে গ্রামে গ্রাহকদের রেশন সামগ্রী বিতরণ না করে নিজের বাড়ি থেকেই দিচ্ছেন রেশন সামগ্রী। বাড়ি পৌঁছে গ্রাহকদের আঙুলের ছাপ নেওয়া হচ্ছে এবং কুপন দেওয়া হচ্ছে কিন্তু রেশন সামগ্রী দেওয়া হচ্ছে না। সামগ্রী নিতে গেলে যেতে হচ্ছে নাজিরপুরে অবস্থিত ডিলারের বাড়িতে। এমনই অভিযোগ গ্রাহকদের। পাশাপাশি গ্রাহকদের মাথাপিছু রেশন সামগ্রীতে দুই কেজি করে কম দেওয়া হচ্ছে। এবিষয়ে প্রতিবাদ করলেই ডিলার হুমকি দিচ্ছেন গ্রাহকদের। এদিনও নিরঞ্জনপুর গ্রামে পৌঁছে ডিলারের কর্মীরা আঙুলের ছাপ নিয়ে কুপন দিচ্ছিলেন। সেই সময় ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা। পরবর্তীতে রেশন ডিলার এলে তাঁকে ঘিরেও চলে বিক্ষোভ। 
সুনীল মণ্ডল নামে এক গ্রাহক বলেন, সরকারি নিয়ম তোয়াক্কা না করে রেশনে কারচুপি করছেন রেশন ডিলার। কম পরিমাণ সামগ্রী এমনকী আঙুলের ছাপ নিয়ে নেওয়ার পরও সামগ্রী দেওয়া হয় না। ডিলারকে অভিযোগ করলে তিনি মারতে উদ্যত হন। তাই বাধ্য হয়ে আমরা এই পদক্ষেপ নিয়েছি।
যদিও বাসিন্দাদের সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন রেশন ডিলার বিশ্বজিৎ সরকার। তিনি বলেন, রেশনে কোনও কারচুপি বা দুর্নীতি করা হচ্ছে না। গ্রামবাসীরা আমাকে ফাঁসাতে মিথ্যা কথা বলছেন। এনিয়ে মানিকচক ব্লক খাদ্যদপ্তরের আধিকারিক বলেন, এবিষয়ে গ্রাহকরা কোনও লিখিত অভিযোগ করেননি। তবে ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখব।
Advertisement
সম্পর্কিত সংবাদ