Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুয়ারে রেশন বন্ধ করার দাবিতে সরব রেশন ডিলাররা

দুয়ারে রেশন বন্ধ করার দাবিতে সরব রেশন ডিলাররা
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: ‘দুয়ারে রেশন’ কর্মসূচি বন্ধ করার দাবিতে সরব হলেন রেশন ডিলাররা। রবিবার কাঁথির সেন্ট্রাল বাসস্ট্যান্ড সংলগ্ন একটি প্রেক্ষাগৃহে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ফেডারেশনের রাজ্য কমিটির সভা ও প্রকাশ্য সমাবেশে এই দাবিতে আওয়াজ তোলেন তাঁরা। বক্তব্য রাখেন সংগঠনের  জাতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু, জেলা নেতৃত্ব দেবাঞ্জন পণ্ডা সহ অন্যান্যরা। বক্তারা বলেন, দুয়ারে রেশন ব্যবস্থার পরিকাঠামো নেই। বেশির ভাগ জায়গায় রাস্তা চলাচলের অযোগ্য। ফুটপাতে বসে দুয়ারে রেশন ব্যবস্থা চালাতে হয়। কোথাও ন্যূনতম শৌচালয় ও জলের ব্যবস্থাও নেই। দুয়ারে রেশন কর্মসূচিতে এরকমই নানা অব্যবস্থা রয়েছে। রয়েছে সার্ভার সমস্যা। এক্ষেত্রে দোকানে মালপত্র নিয়ে গিয়েও অনেক সময় ফিরিয়ে আনতে হয়। এই সমস্যার জন্য ডিলারদের তো বটেই, উপভোক্তাদেরও হেনস্তা হতে হয়। অনলাইন চেকিংয়ের নামে ডিলারদের হয়রানি হতে হয়। দুয়ারে রেশন ব্যবস্থা পরিচালনা করতে গিয়ে রেশন ব্যবসাটা অলাভজনক একটি ব্যবসায় পরিণত হয়েছে। সারা মাস কাজ করেও ডিলারের রোজগার কমে গিয়েছে। এসবের প্রতিবাদে দাবিগুলি নিয়ে আগামী পয়লা এপ্রিল দিল্লি অভিযান কর্মসূচি নেওয়া হবে। সেখানে কেন্দ্রীয় সরকারের কাছে দাবিদাওয়া তুলে ধরা হবে। 
Advertisement
বিশ্বম্ভরবাবু বলেন, দুয়ারে রেশন একটি অমানবিক পরিকল্পনা। অন্যদিকে, ডিলারদের কমিশন অত্যন্ত ন্যূনতম। আমাদের লক্ষ্য, যাতে কেন্দ্রীয় সরকার ১০০ টাকা কমিশন দেয়। তাহলে রাজ্যও একশো টাকা কমিশন দিতে বাধ্য হবে। সব মিলিয়ে কুইন্টাল পিছু দুশো টাকা কমিশন দেওয়া হোক, এটাই আমাদের দাবি। সংগঠনের কাঁথি মহকুমা কমিটির সম্পাদক মদনমোহন দাস অধিকারী বলেন, রেশন ব্যবস্থায় এমন কিছু জটিলতা আছে, যা ডিলারদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এর আগে সংগঠনের সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে রেশন ডিলাররা কলকাতায় খাদ্যভবন অভিযানে যোগ দেন। সেখানে বিভাগীয় মন্ত্রী আমাদের দাবি পূরণের ব্যাপারে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু কোনও কাজ হয়নি। তাই আমাদের আন্দোলন জারি থাকবে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ