সংবাদদাতা, করণদিঘি: স্কুলে রোজই দেরি করে আসেন শিক্ষকরা। ক্লাসরুম বন্ধ থাকায় বাইরে বসে অপেক্ষা করতে হয় পড়ুয়াদের। সকাল সাড়ে ১০টার বদলে কোনও কোনও দিন দুপুর ১২টার পরে স্কুলে পা পড়ে শিক্ষকদের। শুক্রবার দেরি করে স্কুলে আসতেই শিক্ষকদের ঘিরে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ অভিভাবক এবং বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে করণদিঘি ব্লকের লাহুতাড়া-২ পঞ্চায়েতের লাহুতাড়া কামাত প্রাথমিক বিদ্যালয়ে। প্রায় এক ঘণ্টা বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পরে স্কুলের শিক্ষক দীপঙ্কর মণ্ডল ও পঞ্চায়েত সদস্য লক্ষ্মণ মার্ডির আশ্বাসে বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা।
Advertisement
স্থানীয় বাসিন্দা আসতামুর রহমানের অভিযোগ, প্রতিদিনই দেরিতে স্কুলে আসেন শিক্ষক শিক্ষিকারা। আগেও বহুবার স্থানীয় বাসিন্দারা শিক্ষকদের সঠিক সময়ে স্কুলে আসার আবেদন জানান। কিন্তু শিক্ষকরা তাতে কর্ণপাত করেননি। তাই বাধ্য হয়ে এদিন স্কুল প্রাঙ্গণেই শিক্ষকদের ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভকারীদের দাবি, স্কুলে নিয়ম মেনে ক্লাস হয় না। শিক্ষকরা সাড়ে ১০টার বদলে কোনওদিন সাড়ে ১১টা বা ১২টার সময় স্কুলে ঢোকেন। ফলে পড়ুয়ারা ঘণ্টাখানেক শিক্ষকদের জন্য অপেক্ষা করে বসে থাকে। কোনওদিন আবার ঠিকমতো ক্লাস না নিয়েই মিড ডে মিল খাইয়ে ছুটি দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা দিলরাজা হোসেন বলেন, এই স্কুলে ২০০’র বেশি ছাত্রছাত্রী রয়েছে। পাঁচ জন শিক্ষক রয়েছেন। প্রতিদিনই শিক্ষকরা স্কুলে দেরি করে আসেন। আমরা আগেও শিক্ষকদের অনুরোধ করেছি। তাঁরা আমাদের কথায় পাত্তা দেন না। এব্যাপারে স্কুল শিক্ষক দীপঙ্কর মণ্ডল বলেন, আমি রোজ ১১টার আগেই স্কুলে আসি। প্রধান শিক্ষক ছুটিতে রয়েছেন। এদিন রাস্তায় একটু দেরি হয়েছে। তবে ১১টা ৩০ মিনিটের মধ্যে স্কুলে ঢুকেছি। অন্য শিক্ষকরা কেন আসেননি সেটা বলতে পারব না। তবে স্কুলে পঠনপাঠন ঠিকভাবে হয়। যদিও অন্য শিক্ষকরা দেরি করে স্কুলে আসার ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি। তাঁরা শনিবার থেকে সঠিক সময়ে স্কুলে আসবেন কি না, তাও জানাননি।



