সংবাদদাতা, মানিকচক: মানিকচকে বামফ্রন্টের ডেপুটেশন কর্মসূচি ঘিরে ধুন্ধুমার। ব্যারিকেড ভেঙে বৃহস্পতিবার মানিকচক ব্লক প্রশাসনিক ভবনে ঢোকার সময় পুলিসের সঙ্গে ধস্তাধস্তি হয় বাম নেতাকর্মীদের। পরবর্তীতে মানিকচক থানার বিশাল পুলিস বাহিনী ও বাম নেতৃত্বের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ১২ দফা দাবি জানিয়ে বিডিও’র হাতে স্মারকলিপি তুলে দেয় বাম প্রতিনিধি দল। মানিকচকে এদিন বামফ্রন্টের বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে জনতার দরবার, বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছিল। বামেদের দাবি, মূলত ভাঙন রোধের স্থায়ী সমাধান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, ভূমি সংস্কার দপ্তরে আধিকারিকদের কাজের নামে টাকা তোলা সহ বিভিন্ন কারণে ডেপুটেশন দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে কর্মসূচির জন্য মানিকচক ব্লক প্রশাসনিক ভবনের উল্টোদিকে আমবাগানে মিছিল করে জমায়েত হন বাম নেতৃত্বরা।



