নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার আইএসএলে কেরল ব্লাস্টার্সকে ২-০ গোলে হারাল এফসি গোয়া। ফলে ২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে মানোলো মার্কুয়েজের দল। তবে মোহন বাগানের চেয়ে এখনও ৭ পয়েন্ট পিছিয়ে তারা। শনিবার ফাতোরদা স্টেডিয়ামে শুরু থেকেই দাপট ছিল গোয়ার। বিরতির পর দলকে লিড এনে দেন স্প্যানিশ ফুটবলার ইকের (১-০)। এরপর ৭৩ মিনিটে ব্যবধান বাড়ান মহম্মদ ইয়াসির (২-০)। সন্দেশ ঝিংগানদের এখনও তিনটি ম্যাচ বাকি। পাঞ্জাব এফসি, মহমেডান স্পোর্টিংয়ের পর কলকাতায় তাদের শেষ প্রতিপক্ষ মোহন বাগান। নড়বড়ে শুরু করেও আইএসএলে ক্রমশ ছন্দে ফিরেছে গোয়া। বিশেষ করে চোট কাটিয়ে সন্দেশ ঝিংগানের অন্তর্ভুক্তিতে রক্ষণ অনেক জমাট। অন্যদিকে, ২১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দশম স্থানে রইল কেরল ব্লাস্টার্স। মরক্কান ফুটবলার নোয়া সাদিউ চোটের কারণে খেলেননি। তাঁর অনুপস্থিতি বড় ধাক্কা। পাশাপাশি ভঙ্গুর রক্ষণও তাদের সমস্যা বাড়াচ্ছে।



