Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুপুরের পর দুষ্কৃতীদের আখড়া হয়ে ওঠে রাঙালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র

দুপুরের পর দুষ্কৃতীদের আখড়া হয়ে ওঠে রাঙালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নকশালবাড়ি: স্বাস্থ্যকর্মীদের কোয়ার্টার নেই। তাই বেলা গড়ালে পরিষেবা বন্ধ হয়ে পরিত্যক্ত অবস্থায় থাকছে খড়িবাড়ির রাঙা‌঩লি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। সেই সুযোগে সেখানে দুস্কৃতীরা হানা দিচ্ছে। ইতিমধ্যেই নবনির্মিত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের জানলার কাঁচ ভেঙেছে। রবিবারও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। কোয়ার্টার না থাকায় বেলা গড়ালে এখানে কোনও স্বাস্থ্যকর্মীর দেখা পাওয়া যায় না। এতে ক্ষোভে ফুঁসছেন বুড়াগঞ্জের বাসিন্দারা। ওই স্বাস্থ্যকেন্দ্রের ভবনে রয়েছে বাংলা সহয়তা কেন্দ্র। সেই কেন্দ্রের চারটি জানলার কাঁচ ভেঙে রয়েছে। রোদ বৃষ্টি থেকে বাঁচতে কয়েকটি জানালা উদ্বোধনের ব্যানার দিয়ে ঢাকা রয়েছে।
Advertisement
গত বছরের জুলাইয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ৬ বেডের ইন্ডোর পরিষেবা চালু হয়। ওই সময়ে বাংলা সহয়তা কেন্দ্রটিও চালু হয়েছিল। যদিও কোয়ার্টার পরিষেবা না থাকায় শুধু ডে কেয়ার পরিষেবা চালু রয়েছে। বছরখানেক হতে চললেও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পূর্ণাঙ্গ পরিষেবা থেকে বঞ্চিত এলাকার মানুষ। বুড়াগঞ্জের বাসিন্দা রাজীব বিশ্বাস বলেন, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মাঠে বেলা গড়ালেই মদের আসর বসছে। তাদের ঢিলে ক্ষতি হচ্ছে সরকারি সম্পত্তি। নিরাপত্তাকর্মী থাকলে এমন ঘটনা ঘটবে না। অপর এক বাসিন্দা স্যামুয়েল মার্ডি বলেন, ইন্ডোর পরিষেবা নাম মাত্রই। ছুটির দিনগুলিতে চিকিৎসকদের পাওয়ায় যাচ্ছে না। দুপুরের পর অপরিচিতদের আড্ডা জমছে। 
ব্লক স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, ওই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দু’জন এলোপ্যাথিক, একজন হোমিওপ্যাথিক, দু’জন নার্সিংস্টাফ, দু’জন গ্রুপ ডি, একজন সুইপার রয়েছে। দিনের বেলা তারা আউটডোর পরিষেবা দিচ্ছেন। খড়িবাড়ি বিএমওএইচ সফিউলআলম মল্লিক বলেন, স্বাস্থ্যদপ্তরের থেকে কোয়ার্টারের অনুমোদন মিলেছে। তবে পূর্তদপ্তরের এস্টিমেটের রিপোর্ট না পাওয়ায় কাজ শুরু করা যাচ্ছে না। কোয়ার্টার না থাকায় কর্মীরা শুধু দিনেই থাকছেন। কেউ আর রাতে থাকছে না। আমরা শুধু দিনে আউটডোর পরিষেবা দিতে পারছি। আগেও কয়েকবার জানলার কাঁচ ভেঙেছে। তা মেরামত করার কিছুদিনের মধ্যেই ফের একই ঘটনা হয়েছে। আমরা বিষয়টি দেখছি। - নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ