সংবাদদাতা, দুর্গাপুর: শনিবার গভীররাতে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে (ডিপিএল) মালগাড়ি থেকে কয়লা খালি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঠিকা শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনায় আরও একজন জখম হয়েছেন। মৃতের নাম পিথো টুডু(৫২)। তিনি দুর্গাপুর লেবারহাটের বাসিন্দা। ঘটনাকে কেন্দ্র করে কারখানা চত্বরে ব্যাপক আতঙ্ক ছড়ায়। মৃতের পরিবারের লোকজন দুর্ঘটনার জন্য ডিপিএল কর্তৃপক্ষকে দায়ী করেন। তাঁদের অভিযোগ, ডিপিএল কর্তৃপক্ষের গাফিলতির জন্য মৃত্যু হয়েছে ওই শ্রমিকের। তাঁরা ক্ষতিপূরণ সহ ঘটনার পূর্ণ তদন্তের দাবি করেন। ডিপিএল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। পাশাপাশি মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দেওয়া হয়। জানা গিয়েছে, ওইদিন রাত ২টো নাগাদ ডিপিএলের ৭ নম্বর ইউনিটে কোল হ্যান্ডেলিং প্ল্যান্টে কয়লা বোঝাই মালগাড়ি আসে। ওই মালগাড়ি থেকে কয়লা খালি করতে প্রায় ৪০জন শ্রমিক মোতায়েন করা হয়। মালগাড়ি থেকে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন না করেই কয়লা খালির করার জন্য শ্রমিকরা কাজে লেগে যান। পিথোবাবু মালগাড়িতে চেপেই লোহার শাবল হাতে কয়লা খালি করার কাজ করতে যান। সেইসময় মালগাড়ির উপরে তারে বিদ্যুৎসংযোগ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনার সময় পাশেই দাঁড়িয়ে ছিলেন তাঁর শ্যালক চেন্দাই হাঁসদা। তিনি মালগাড়ি থেকে নীচে ঝাঁপ দেন। তিনিও জখম হন। সহকর্মীরা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে ইএসআই হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পিথোবাবুকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে কোকওভেন থানার পুলিস আসে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও মৃতের পরিবারের ক্ষতিপূরণের জন্য ডিপিএল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে আইএনটিটিইউসি।
Advertisement
মৃতের আর এক শ্যালক বাবলু সোরেন বলেন, মালগাড়ি থেকে কয়লা খালি করার আগে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়। কিন্তু ওই সময় করা হয়নি। এর জন্য সম্পূর্ণ দায়ী ডিপিএল কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত করে সত্য প্রকাশ্যে আনতে হবে। আমার জামাইবাবুর চারটি ছোট ছোট মেয়ে আছে। কীভাবে পরিবারটা চলবে। ক্ষতিপূরণ দিতে হবে ডিপিএল কর্তৃপক্ষকে। দুর্গাপুর তিন নম্বর ব্লকের আইএনটিটিইউসির সভাপতি কল্লোল বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা ঘটনার তদন্তের দাবি করেছি। কোথায় গাফিলতি ছিল, কে দায়ী তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। মৃতের দাহকার্যের জন্য ৫০ হাজার টাকা দিয়েছে ডিপিএল। আরও ১৩ লক্ষ টাকা দেবে। এছাড়াও পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
ডিপিএলের জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র বলেন, খুবই মর্মান্তিক ঘটনা। তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। মৃতের পরিবারের জন্য নিয়ম মেনে সমস্তরকম ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে।
ডিপিএলের জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র বলেন, খুবই মর্মান্তিক ঘটনা। তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। মৃতের পরিবারের জন্য নিয়ম মেনে সমস্তরকম ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে।



