Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ডিপিএলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু শ্রমিকের

ডিপিএলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু শ্রমিকের
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দুর্গাপুর: শনিবার গভীররাতে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে (ডিপিএল) মালগাড়ি থেকে কয়লা খালি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঠিকা শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনায় আরও একজন জখম হয়েছেন। মৃতের নাম পিথো টুডু(৫২)। তিনি দুর্গাপুর লেবারহাটের বাসিন্দা। ঘটনাকে কেন্দ্র করে কারখানা চত্বরে ব্যাপক আতঙ্ক ছড়ায়। মৃতের পরিবারের লোকজন দুর্ঘটনার জন্য ডিপিএল কর্তৃপক্ষকে দায়ী করেন। তাঁদের অভিযোগ, ডিপিএল কর্তৃপক্ষের গাফিলতির জন্য মৃত্যু হয়েছে ওই শ্রমিকের। তাঁরা ক্ষতিপূরণ সহ ঘটনার পূর্ণ তদন্তের দাবি করেন। ডিপিএল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। পাশাপাশি মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দেওয়া হয়। জানা গিয়েছে, ওইদিন রাত ২টো নাগাদ ডিপিএলের ৭ নম্বর ইউনিটে কোল হ্যান্ডেলিং প্ল্যান্টে কয়লা বোঝাই মালগাড়ি আসে। ওই মালগাড়ি থেকে কয়লা খালি করতে প্রায় ৪০জন শ্রমিক মোতায়েন করা হয়। মালগাড়ি থেকে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন না করেই কয়লা খালির করার জন্য শ্রমিকরা কাজে লেগে যান। পিথোবাবু মালগাড়িতে চেপেই লোহার শাবল হাতে কয়লা খালি করার কাজ করতে যান। সেইসময় মালগাড়ির উপরে তারে বিদ্যুৎসংযোগ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনার সময় পাশেই দাঁড়িয়ে ছিলেন তাঁর শ্যালক চেন্দাই হাঁসদা। তিনি মালগাড়ি থেকে নীচে ঝাঁপ দেন। তিনিও জখম হন। সহকর্মীরা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে ইএসআই হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পিথোবাবুকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে  কোকওভেন থানার পুলিস আসে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ