নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ব্রিকস সম্মেলনের জন্য শহর জুড়ে কড়াকড়ি। এর ফলে আগামী ১২ সেপ্টেম্বর দিল্লিতে জিএসটি পরিষদের ৫৭তম বৈঠক নিয়েই তীব্র সংশয়ের সৃষ্টি হয়েছে। সরকারি সূত্রে জানা যাচ্ছে যে, জিএসটি পরিষদের বৈঠকের বিকল্প কোনো দিনক্ষণ ঘোষণা করা হতে পারে। তবে কলকাতার পরিবর্তে জিএসটি বৈঠক হবে দিল্লিতেই। আগামী ১১ থেকে ১৩ সেপ্টেম্বর দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হবে ব্রিকস সম্মেলন। সেখানে দেশবিদেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। ফলে গোটা শহরেই নিরাপত্তা এবং সুরক্ষাজনিত কড়াকড়ি থাকবে। এই আবহে আদৌ জিএসটি পরিষদের বৈঠক হবে কি না, তা নিয়ে প্রশ্ন থাকছেই।
উল্লেখ্য, এবারের জিএসটি পরিষদের বৈঠক হচ্ছে এক বছর পর। সরকারি সূত্রের খবর, এবারের বৈঠকে তেলেঙ্গানা, কর্ণাটক এবং পাঞ্জাব এই তিনটি অবিজেপি রাজ্য জিএসটি ক্ষতিপূরণ চেয়ে সরব হতে পারে। গতবার পর্যন্ত পশ্চিমবঙ্গও জিএসটি পরিষদের বৈঠকে ক্ষতিপূরণ চেয়ে সরব হয়েছে। যদিও সেইসময় রাজ্যে ছিল তৃণমূল কংগ্রেসের সরকার। বর্তমানে বাংলায় ডাবল ইঞ্জিন সরকার। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত নিজে জিএসটি পরিষদের বৈঠকে উপস্থিত থাকবেন। তবে বৈঠক শেষে আলাদাভাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে স্বপনবাবুর কথা হতেই পারে। সেক্ষেত্রে রাজ্যের জন্য কোনো আর্থিক প্যাকেজের বিষয়ে তিনি আর্জি জানাতে পারেন। এব্যাপারে অবশ্য সরকারিস্তরে কোনো মন্তব্য করা হয়নি।