নিউ জার্সি: ২০২৪ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল! ক্লাব ইতিহাসে দ্বিতীয়বার ইউরোপ সেরার হাতছানি ছিল বরুসিয়া ডর্টমুন্ডের কাছে। কিন্তু রিয়াল মাদ্রিদের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়। শনিবার ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ফের মুখোমুখি হচ্ছে এই দুই দল। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগে হারের বদলা নিতে মুখিয়ে জার্মানির ক্লাবটি। তবে রিয়াল এই প্রতিযোগিতার সফলতম দল। এখনও পর্যন্ত পাঁচবার এই ট্রফি জিতেছে। শনিবার সংখ্যাটা বাড়ানোর লক্ষ্যে সেমি-ফাইনালে জায়গা পাকা করতে মরিয়া জাবি আলোন্সো-ব্রিগেড।
কার্লো আনসেলোত্তির অধীনে গত মরশুমটা ভালো যায়নি রিয়ালের। চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি কোপা ডেল রে ও লা লিগাতেও জুটেছে হতাশা। হাল ফেরাতে ইতালিয়ান কোচকে সরিয়ে ঘরের ছেলে জাবিকে দায়িত্ব দেওয়া হয়েছে। হেডস্যার হিসেবে রিয়ালে প্রথম টুর্নামেন্ট স্মরণীয় করতে মরিয়া তিনি। পাশাপাশি লিভারপুল থেকে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড যোগ দেওয়ার মাদ্রিদের ক্লাবটির রক্ষণভাগ মজবুত হয়েছে। আক্রমণভাগে রয়েছেন কিলিয়ান এমবাপের মতো তারকা। তাঁকে সঙ্গ দিতে তৈরি ভিনিসিয়াস জুনিয়র, আদ্রা গুলাররাও। শেষ ষোলোয় জুভেন্তাসকে ছিটকে দেওয়ার আত্মবিশ্বাসও কাজে লাগাতে চাইবেন স্প্যানিশ কোচ। শনিবার তাই ফেভারিট হিসেবেই মাঠে নামবে রিয়াল। তবে ডর্টমুন্ডেও আদেইমি, সাবিত্জারের মতো ফুটবলার আছেন। কোচ নিকো কোভাচের কথায়, ‘রিয়ালের শক্তি নিয়ে আলাদা করে বলার কিছু নেই। তবে আমরাও লড়াইয়ের জন্য প্রস্তুত।’
কোয়ার্টার-ফাইনালের অপর ম্যাচে আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে দ্বৈরথে নামছে পিএসজি ও বায়ার্ন মিউনিখ। সাম্প্রতিক ফর্মের নিরিখে লুই এনরিকের দলকেই এগিয়ে রাখতে হবে। ২০২৪-২৫ মরশুমে ঘরোয়া লিগের পাশাপাশি প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের স্বাদ পেয়েছে প্যারিসের ক্লাবটি। সেই ছন্দ ক্লাব বিশ্বকাপেও ধরে রেখেছেন ওসুমানে ডেম্বেলে-আচরাফ হাকিমিরা। শেষ ষোলোর লড়াইয়ে লায়োনেল মেসির ইন্তার মায়ামিকে ছিটকে দিয়েছেন তাঁরা। বায়ার্নও অবশ্য বেশ শক্তিশালী দল। আক্রমণভাগে তাদের বড় ভরসা হ্যারি কেন। এছাড়া কিংসলে কোম্যান, জামাল মুসিয়ালারাও ফর্মে আছেন। তবে এই নক-আউট ম্যাচে চোটের কারণে নেই আলফান্সো ডেভিস। লেরয় সানেও গত ম্যাচ খেলে বায়ার্নকে বিদায় বলে দিয়েছেন। তিনি গালাতাসারেতে যোগ দিচ্ছেন। টমাস মুলারও এই টুর্নামেন্টের পর জার্মানির ক্লাব ছাড়বেন।
শেষ আটের অন্য ম্যাচে পামেইরাসের বিরুদ্ধে খেলবে চেলসি। প্রি কোয়ার্টার-ফাইনালে বেনফিকাকে উড়িয়ে আত্মবিশ্বাসে ফুটছে দ্য ব্লুজ। ব্রাজিলিয়ান ক্লাবটির বিরুদ্ধেও ছন্দ ধরে রাখতে মরিয়া কোল পামাররা।
পামেইরাস : চেলসি (সকাল ৬-৩০ মিনিটে)
পিএসজি : বায়ার্ন (রাত ৯-৩০ মিনিটে)
রিয়াল মাদ্রিদ : বরুসিয়া ডর্টমুন্ড (রাত ১-৩০ মিনিটে)।