২ জানুয়ারি শুরু হচ্ছে ডুয়ার্স উৎসব, থাকছে না প্রবেশ মূল্য
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: ডুয়ার্স উৎসবে প্রবেশমূল্য তুলে দিল আয়োজক কমিটি। আগামী ২ জানুয়ারি থেকে জেলা সদরের প্যারেড গ্রাউন্ডে ২১তম ডুয়ার্স উৎসব শুরু হচ্ছে। চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। উৎসবের উদ্বোধন করতে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার রেডক্রস ভবনে ডুয়ার্স উৎসবের অফিস ঘরে সাংবাদিক সম্মেলন করে প্রবেশমূল্য ফ্রি করে দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে। 

Advertisement

ডুয়ার্স উৎসব কমিটির সাধারণ সম্পাদক বিজেপির জেলা সভাপতি মিঠু দাস বলেন, সাধারণ মানুষের আবেদনে সাড়া দিয়ে ২১তম ডুয়ার্স উৎসবের প্রবেশমূল্য ফ্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। অর্থাৎ উৎসব উপভোগ করতে সাধারণ আমজনতাকে এবার টিকিট কাটতে হবে না। মানুষ বিনামূল্যে উৎসবের আমেজ উপভোগ করতে পারবেন। উৎসব দেখার জন্য মানুষকে প্রতিদিন টিকিট কাটতে হয়। এতে সমস্যায় পড়তে হয়। এবার আর মানুষকে সেই সমস্যা পোহাতে হবে না। 
মিঠু দাস বলেন, আগামী ২ জানুয়ারি উৎসবের উদ্বোধন করতে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে আমাদের সরকার ক্ষমতায় আসার পর তিনি ইতিমধ্যেই তিনবার জেলা সফরে এসেছেন। চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী জেলায় আসছেন ডুয়ার্স উৎসবের উদ্বোধন করতে। আগামী ২৪ নভেম্বর প্যারেড গ্রাউন্ডে খুঁটিপুজো হবে। আগে কোনো রাজ্য সরকার ডুয়ার্স উৎসবকে গুরুত্ব দিত না। 
এদিকে, এবারের উৎসবে ডুয়ার্সের সঙ্গে গোটা তরাই অঞ্চলের জনজাতি সম্প্রদায়ের মানুষদেরও শামিল করা হবে। জেলার পর্যটন শিল্পের সঙ্গে জনজাতি সম্প্রদায়ের মানুষদের জীবনধারার নানা তথ্য শৈলি তুলে ধরা হবে। প্রতিবেশী রাষ্ট্র নেপাল ও ভুটানকেও শামিল করার চেষ্টা চলছে। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে উৎসবে বাংলাদেশের কোনো প্রতিনিধিত্ব থাকছে না।