নয়াদিল্লি: বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে সরতে চান। খবরটি প্রকাশ্যে আসতেই আলোড়ন পড়ে যায় ক্রিকেট মহলে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসেই ইংল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া। দিন চারেক আগেই অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা। এবার বিরাটও সরে দাঁড়ালে ভারতীয় দল যে বড় ধাক্কা খাবে, তা বলার অপেক্ষা রাখে না। একই সঙ্গে দুই সিনিয়রের প্রস্থানে ঘাটতি দেখা দেবে অভিজ্ঞতার। তাই কোহলিকে সিদ্ধান্ত বদলানোর আবেদন জানিয়েছে বিসিসিআই। একই সুর ব্রায়ান লারা, নভজ্যোৎ সিং সিধুর মতো প্রাক্তনদের কণ্ঠেও।
গত কয়েক বছরে ধার কমেছে কোহলির ব্যাটে। তার জন্য যথেষ্ট সমালোচিতও হয়েছেন তিনি। তবে নিজের দিনে এখনও তিনিই সেরা। চলতি আইপিএলেও মেলে ধরছেন স্বপ্নের ফর্ম। বুঝিয়ে দিয়েছেন, আরও কয়েক বছর ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে রাজ করার ক্ষমতা এখনও তাঁর রয়েছে। কিন্তু সিনিয়রদের ভবিষ্যৎ নিয়ে কোচ গৌতম গম্ভীরের সাম্প্রতিক মন্তব্য ভালোভাবে নেননি কিং কোহলি। সম্ভবত সেই কারণেই লাল বলের ক্রিকেটকে বিদায় জানানোর কথা বোর্ডকে জানিয়ে দিয়েছেন তিনি। বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে প্রাক্তন ওপেনার নভজ্যোত্ সিং সিধু বলেন, ‘ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ যে কোনও দলের কাছে চ্যালেঞ্জের। রোহিত নেই। এমন অবস্থায় বিরাট সরে দাঁড়ালে বড় ধাক্কা খাবে টিম ইন্ডিয়া। কারণ, ইংল্যান্ড সফরে বোর্ড কোনওভাবেই অনভিজ্ঞ স্কোয়াড পাঠাতে চাইবে না। তাই দেশের স্বার্থে বিরাটকে এখনই অবসর না নেওয়ার অনুরোধ করছি।’ সঙ্গে তিনি যোগ করেন, ‘বিশ্ব ক্রিকেটে বিরাট কোহলি বড় নাম। নিজের কেরিয়ার নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার ওর রয়েছে। অবসরের ভাবনাও অমূলক নয়। কিন্তু সময়টা একেবারে অনুপযুক্ত। রোহিতের অবর্তমানে জুনিয়রদের গাইড করার জন্য বিরাটকে খুবই দরকার।’
শুধু সিধু নন, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারাও বিরাটকে অবসর না নেওয়ার অনুরোধ জানিয়েছেন। লারার কথায়, ‘শুধু ভারতের নয়, টেস্ট ক্রিকেটের প্রয়োজন বিরাটকে। এই খেলার মান বাড়াতে ওর বড় অবদান রয়েছে। তাই ওকে যেমন করেই হোক মত বদলে রাজি করাতে হবে। আশা করব, এখনই টেস্ট থেকে অবসর নেবে না।’ ভারতের প্রাক্তন ক্রিকেটার অম্বাতি রায়াডুর বক্তব্য, ‘টেস্টে ক্রিকেটকে এখনও অনেক কিছু দেওয়ার আছে বিরাটের। এই মুহূর্তে তোমাকে খুবই দরকার ভারতীয় দলে। তাই অনুগ্রহ করে অবসর নিও না।’
প্রাক্তনদের আর্জির পাশাপাশি বোর্ডের এক শীর্ষকর্তাও বিরাটের সঙ্গে আলাদা করে কথা বলতে চলেছেন। যেনতেন প্রকারেণ কোহলিকে রাজি করানোই লক্ষ্য। তাতেও যদি চিড়ে না ভেজে, সেক্ষেত্রে শচীন তেন্ডুলকরকে আসরে নামতে অনুরোধ করেছেন এক প্রাক্তনী। আসলে কোহলির অনুপ্রেরণা মাস্টার ব্লাস্টার্স। শচীনের খেলা দেখেই ক্রিকেটের প্রেমে পড়েছিলেন ভিকে। সেকথা বারবার প্রকাশ্যে বলেছেন কিং কোহলি। তাই শচীনের অনুরোধ তিনি ফেলতে পারবেন না বলেই ধারণা করা হচ্ছে। শেষ পর্যন্ত কোহলি সিদ্ধান্ত বদলান কিনা, সেই দিকে তাকিয়ে পুরো ক্রিকেটমহল।