Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তিনবার গিয়ে না পেলে ফর্ম বিলির কাজ সম্পন্ন, ঘোষণা বাঁকুড়া প্রশাসনের

ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআরের ১০০ শতাংশ ইনিউমারেশন ফর্ম বিলি হল বাঁকুড়ায়।

তিনবার গিয়ে না পেলে ফর্ম বিলির কাজ সম্পন্ন, ঘোষণা বাঁকুড়া প্রশাসনের
  • ১৭ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআরের ১০০ শতাংশ ইনিউমারেশন ফর্ম বিলি হল বাঁকুড়ায়। কোনও বাড়িতে বুথ লেভেল অফিসাররা (বিএলও) তিনবার গিয়েও ভোটারকে না পেলে সংশ্লিষ্ট ব্যক্তির ফর্ম বণ্টন হয়ে গিয়েছে বলে প্রশাসন ধরে নিচ্ছে। শনিবার রাত পর্যন্ত ৯৯.৬ শতাংশ ফর্ম বিলির কাজ সম্পন্ন হয়। এদিন ওই প্রক্রিয়া পুরোপুরি শেষ হয়ে গিয়েছে বলে বাঁকুড়া জেলা নির্বাচন দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন। ওই আধিকারিক বলেন, বাঁকুড়ায় মোট ৩ হাজার ২৮৯টি বুথ রয়েছে। তার মধ্যে ৪৭৬টি বুথে ১২০০-র বেশি ভোটার রয়েছেন। ওই সব বুথে একজন করে অতিরিক্ত বিএলও নিয়োগ করা হয়েছে। রবিবার জেলায় ১০০ শতাংশ ইনিউমারেশন ফর্ম বিলি হয়ে গিয়েছে। বাড়ির বাইরে থাকার কারণে অনেকেই ফর্ম হাতে পাননি। বিএলও-রা ওইসব বাড়িতে তিনবার গিয়েও ফিরে এসেছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট ভোটাররা বাড়ি ফিরলে বিএলও বা স্থানীয় বিডিও অফিসে সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাঁদের নামে ইশ্যু করা ফর্ম হাতে হাতে ধরিয়ে দেওয়া হবে। 

Advertisement

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ায় প্রায় ৩১ লক্ষ ভোটার রয়েছে। ভোটার পিছু দু’টি করে ইনিউমারেশন ফর্ম ছাপা হয়েছে। বিএলও-রা গত দু’সপ্তাহে জেলাজুড়ে প্রায় ৬২ লক্ষ ফর্ম বিলি করেছেন। এবার থেকে পূরণ করা ফর্ম সংগ্রহের কাজ তাঁরা পুরোদমে শুরু করবেন। ফর্ম পূরণ করা নিয়ে জেলার বহু ভোটারের মধ্যে সংশয় রয়েছে। অভিযোগ, বিএলওদের মধ্যে বেশিরভাগই এব্যাপারে ভোটারদের সঠিকভাবে গাইড করছেন না। বিএলও-রা অবশ্য সময়ের অভাবজনিত কারণকে সাফাই দিচ্ছেন। রাজনৈতিক দলগুলিও ফর্ম পূরণ করতে হিমশিম খাচ্ছে। বিভিন্ন জায়গায় শাসক দল তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা ক্যাম্প করে স্থানীয় বাসিন্দাদের ফর্ম পূরণ করে দিচ্ছেন। তাতেও অনেক ভুলভ্রান্তি থেকে যাচ্ছে। ফর্মের দু-একটি ঘর নিয়েই মূলত সংশয় রয়েছে। সেখানে কী তথ্য দিতে হবে তা অনেকেই বুঝতে পারছেন না। এব্যাপারে বিএলরাও এক এক জন এক এক রকম পরামর্শ দিচ্ছেন। ফলে জটিলতা আরও বাড়ছে। 
বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, বাঁকুড়া শহরের দু’টি ওয়ার্ডে বহু ভোটারের ইনিউমারেশন ফর্ম ভুল তথ্য দিয়ে পূরণ করা হয়েছিল। রবিবার ওই ভোটারদের একাংশ তৃণমূলের স্থানীয় শিবিরে এসেছিল। তাদের ফর্মগুলি দলের নেতাকর্মীরা সংশোধন করে দিয়েছেন। যার তার কাছে এভাবে ফর্ম পূরণ না করার জন্য আমরা বাসিন্দাদের পরামর্শ দিচ্ছি।
বাঁকুড়া শহরের এক বিএলও বলেন, ইনিউমারেশন ফর্ম বিলি করতেই আমাদের নাভিশ্বাস উঠেছে। একমাসের মধ্যে সব কাজ শেষ করা কষ্টকর। ফলে ভোটারদের ফর্ম পূরণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। রাজনৈতিক দলগুলিকেই সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ