নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: ২০২৩ সালের ৩ মে থেকে হিংসার আগুনে জ্বলছে মণিপুর। বলি হয়েছেন অন্তত ২০০ জন। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হন অসংখ্য মানুষ। সেখানে একাধিক রহস্যজনক মৃত্যু ও যৌন হেনস্থার ঘটনার সামনে আসে। এই ইস্যুতে এবার সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হল রাজ্যের বিজেপি সরকারকে। আজ, বৃহস্পতিবার গোটা ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মুখ্যসচিবের কাছে ৩৪ জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার বিশদ তথ্য তলব করা হয়েছে। শুধু তাই নয়, প্রত্যেকটি মৃত্যুর কারণ ও ময়নাতদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসন তদারকির জন্য জম্মু-কাশ্মীর হাইকোর্টের প্রাক্তন প্রধানমন্ত্রী গীতা মিত্তলের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিল সুপ্রিম কোর্ট। অস্বাভাবিক মৃত্যু নিয়ে ওই কমিটিও এর আগে উদ্বেগ প্রকাশ করেছিল। তার পরেও টনক না নড়ায় এদিন রাজ্য সরকারকে রীতিমতো তুলোধনা করল প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ।
২০২৩ সালে গোষ্ঠী হিংসার সময় যৌন হেনস্থার অভিযোগের তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থার আরজি জানিয়ে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। এদিন সেই মামলার শুনানি ছিল। সে সময় মণিপুর সরকারের
আইনজীবীর প্রতি আদালত বলে, ‘আমাদের অর্ডার জারি করতে বাধ্য করবেন না। আপনার মুখ্যসচিবকে সেটা জানিয়ে দিন। কী পদক্ষেপ নিয়েছেন, তা আমাদের জানান।’