Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

‘ঘরই নেই, তেরঙ্গা লাগাব কোথায়?’ আবাস বঞ্চনার অভিযোগে অভিনব বিক্ষোভ

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশজুড়ে যখন ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির প্রস্তুতি তুঙ্গে, তখন মাথার উপর পাকা ছাদ না থাকার অভিযোগে পথে নামলেন ডোমজুড়ের কোলোড়ার বাসিন্দারা।

‘ঘরই নেই, তেরঙ্গা লাগাব কোথায়?’  আবাস বঞ্চনার অভিযোগে অভিনব বিক্ষোভ
  • ১৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশজুড়ে যখন ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির প্রস্তুতি তুঙ্গে, তখন মাথার উপর পাকা ছাদ না থাকার অভিযোগে পথে নামলেন ডোমজুড়ের কোলোড়ার বাসিন্দারা। বৃহস্পতিবার কোলোড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের জামদণ্ড এলাকায় শতাধিক বাসিন্দা প্রতীকী প্রতিবাদ জানাতে র‍্যালিতে শামিল হন। র‍্যালিতে ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্বও।

Advertisement

এই প্রতিবাদের অভিনবত্ব হল হাতে থাকা সামগ্রী। এক হাতে জাতীয় পতাকা, অন্য হাতে থার্মোকল দিয়ে তৈরি প্রতীকী ঘর নিয়ে রাস্তায় হাঁটেন বাসিন্দারা। তাঁদের স্লোগান ছিল, ‘আগে ঘর দিন, তারপর পতাকা।’ তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আবাস যোজনায় পাকা বাড়ির জন্য আবেদন করেও তাঁরা সরকারি সুবিধা পাননি। ফলে এখনও কাঁচা বাড়িতেই বসবাস করতে হচ্ছে বহু পরিবারকে। র‍্যালিতে অংশ নেওয়া এক বাসিন্দার কথায়, ‘সরকার বলছে হর ঘর তেরঙ্গা। আমাদের তো ঘরই নেই, তেরঙ্গা লাগাব কোথায়? কাঁচা বাড়িতে লাগালে বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাবে।’ স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, যোগ্য হওয়া সত্ত্বেও তৃণমূল আমলে বহু প্রকৃত উপভোক্তা আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানান তাঁরা। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পঞ্চায়েত। কোলোড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নিলুফা মল্লিক বলেন, ‘অভিযোগ আমার কানেও এসেছে। যাঁরা প্রকৃতই ঘর পাননি, তাঁদের তালিকা খতিয়ে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।’ স্বাধীনতা দিবসের প্রাক্কালে আবাসের দাবিতে এই প্রতিবাদ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ