ওয়াশিংটন: এলন মাস্কের কার্যকলাপ হতাশাজনক। বৃহস্পতিবার ঠিক এই ভাষাতেই টেসলা কর্ণধারকে নিশানা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিন কয়েক আগেই ট্রাম্প প্রশাসনের জনকল্যাণমূলক বিলকে ‘জঘন্য পদক্ষেপ’ তকমা দিয়েছিলেন মার্কিন ধনকুবের মাস্ক। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফার দায়িত্বগ্রহণের পরই বিভিন্ন অনুষ্ঠানে মাস্কের ভূয়সী প্রশংসা করেছিলেন ট্রাম্প। মাস্কের জন্য আলাদা একটি দপ্তরও তৈরি করেছিলেন তিনি। পরে অবশ্য সেই পদ থেকে ইস্তফা দেন মাস্ক। এতদিন এনিয়ে ট্রাম্প সরাসরি প্রতিক্রিয়া দেননি। কিন্তু, বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট সাফ বলেন, ‘আমি এলনের ব্যাপারে খুবই হতাশ। হঠাৎ তাঁর বিল নিয়ে সমস্যা দেখা দিল।’



