বিমানযাত্রীদের থেকে ডলার বাজেয়াপ্ত
  • ২৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যাঙ্ককগামী দুই বিমান যাত্রীর হাত ব্যাগ থেকে উদ্ধার বিপুল পরিমাণ মার্কিন ডলার। ভারতীয় মূল্যে ১ কোটি টাকা। ওই  টাকা ব্যাগের মধ্যে লুকিয়ে রেখেছিলেন যাত্রীরা। সিআইএসএফ জওয়ানদের নজরদারিতে তা ধরা পড়ে যায়। এই সংক্রান্ত প্রয়োজনীয় কাগজ দেখাতে পারেননি দুই যাত্রী। তাঁদের আটক করা হয়েছে। ওই দুই যাত্রী ভুটান এয়ারলাইন্সের বি-৩৭০০ বিমানের টিকিট কেটেছিলেন। আন্তর্জাতিক টার্মিনাল দিয়ে যাওয়ার সময় ‘সিকিউরিটি চেক-ইন’-এ ব্যাগ স্ক্যান করার সময় সন্দেহজনক জিনিস দেখতে পান সিআইএসএফ জওয়ানরা। তল্লাশির সময় দেখা যায়, ব্যাগের ভিতরে গোপন খাপ তৈরি করে মার্কিন ডলার লুকিয়ে রাখা হয়েছে। এক যাত্রীর ব্যাগ থেকে ৭৪,৯০০ মার্কিন ডলার এবং অন্য যাত্রীর ব্যাগ থেকে ৪৫,০০০ মার্কিন ডলার উদ্ধার হয়েছে। সব মিলিয়ে ১ লক্ষ ১৯ হাজার ৯০০ মার্কিন ডলার উদ্ধার হয়েছে। ভারতীয় মূল্যে ১.১০ কোটি টাকা। তদন্ত শুরু হয়েছে।

Advertisement