বাজির আতঙ্কে পালিয়েছে কুকুর, পোষ্যকে হারিয়ে মূহ্যমান মহিলা, ৫ হাজার টাকা পুরস্কার, রামরাজাতলায় পোস্টার
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বাজির ফাটার প্রবল শব্দে কুকুররা ভয় পায়। এটি শুধু কথায় কথা নয়। হাওড়ায় বাজির শব্দে আতঙ্কিত হয়ে একটি পোষ্য কুকুর ছুটে কোথায় যে পালিয়েছে, কিছুতেই খোঁজ মিলছে না। কুকুরটিকে দেখভাল করতেন যে মহিলা তিনি ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন। তাকে যে খুঁজে দেবেন তিনি টাকাটি নগদ পাবেন। 

Advertisement

ঘটনাটি হাওড়ার রামরাজাতলার চৌধুরীপাড়ায় ঘটেছে। ৭ নভেম্বর থেকে কুকুরটি নিখোঁজ। প্রাণীটির বয়স ১৪। নাম ‘বুল্টি’। বয়সজনিত কারণে সামান্য অসুস্থ। ছোটো আকারের কালো রঙের দেশি প্রজাতির কুকুর। তার শরীরে হালকা বাদামি ছোপ, পায়ের পাঞ্জা সাদা। একটি কান কিছুটা ঝুলে থাকে। বয়সের ভারে দুর্বল দৃষ্টিশক্তি বেশ ক্ষীণ।
রামরাজাতলা ও সংলগ্ন এলাকায় ছবি দিয়ে পোস্টার দেওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ছবি দিয়ে চলছে বুল্টির খোঁজ। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে শ্রেয়সী ভট্টাচার্য নামে এক মহিলার বাড়ি থাকে বুল্টি। আর একটি পোষ্য আছে শ্রেয়সীদেবীর। সেটির নাম লালু। দু’জনকেই পরিবারের সদস্যের মতো আগলে রাখা হয়। সন্ধ্যার পর শ্রেয়সীর বাড়ি আসত বুল্টি। খাবার খেত। রাতে থাকত বাড়িতেই। সকালে বেরিয়ে যেত। আর লালু ২৪ ঘণ্টা থাকত ওই বাড়িতেই। ৭ নভেম্বর সন্ধ্যায় বাড়ি ছিলেন না শ্রেয়সীদেবী। অভিযোগ, সেদিন বাড়ির সামনে লাগাতার শব্দবাজি ফাটানো হয়। এবং বিকট আওয়াজে আতঙ্কিত হয়ে ছুটে পালায় বুল্টি। তারপর বহু খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। বয়স্ক প্রাণীটির শারীরিক অবস্থা উদ্বেগজনক বলে আদৌ নিরাপদে আছে কি না, সে চিন্তাতে কার্যত ঘুম উড়েছে শ্রেয়সীদেবীর। রামরাজাতলা স্টেশন, চৌধুরীপাড়া, ভট্টাচার্যপাড়া, পল্লবপুকুর, ষষ্ঠীতলা, বাকসাড়া এলাকায় কুকুরটির ছবি সহ পোস্টার দিয়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও ছড়িয়ে দিয়েছেন। এবং পুরস্কারের কথা জানিয়েছেন। পুলিশকেও বলেছেন। শ্রেয়সীদেবী বলেন, ‘মানুষের থেকে কুকুরের শ্রবণক্ষমতা অনেক বেশি। শব্দবাজির তীব্র আওয়াজ তাদের কাছে ভয়ানক যন্ত্রণাদায়ক। কিন্তু বহু মানুষ তা বুঝতে চান না।
সম্প্রতি হাওড়ায় পথ সারমেয়দের জন্য ডগ ফিডিং জোনের উদ্বোধন করেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কিন্তু বুল্টির নিখোঁজ হওয়ার ঘটনা আবার বুঝিয়ে দিল, শুধু খাবারের ব্যবস্থা নয়, অবলা প্রাণীদের প্রতি মানুষের সংবেদনশীলতা বাড়ানোও কর্তব্য।