নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পোষ্য ছাগলকে কামড়ে দেয় রাস্তার একটি কুকুর। এই আক্রোশে রাস্তার কুকুর মারতে আক্রান্ত ছাগলকে কেটে সেই মাংসের সঙ্গে বিষ মিশিয়ে ছড়িয়ে দেওয়া হয়। আর সেই বিষ মেশানো মাংস খেয়ে বেঘোরে মারা যেতে থাকে একের পর এক সারমেয়। জলপাইগুড়ির মোহিতনগরের এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন ছড়িয়েছে। ঘটনার প্রতিবাদে সরব হয়েছে পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যায় কুকুরের দেহ নিয়ে সটান তাঁরা চলে আসেন জলপাইগুড়ি কোতোয়ালি থানায়।
বিষ খাইয়ে কুকুর মারার ঘটনায় এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন পশুপ্রেমীরা। তাঁদের অভিযোগ, এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাঁরা জানতে পেরেছেন, ১৩টি কুকুরকে বিষ খাইয়ে মেরে পুঁতে দেওয়া হয়েছে। আরও দু'টি কুকুরের দেহ পোঁতার তোড়জোড় চলছিল। তাঁরা গিয়ে ওই দুটি দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এদিন রাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় দাঁড়িয়ে পশুপ্রেমী সংগঠনের সদস্যরা বলেন, যেখানে ঘটনাটি ঘটেছে, সেটি চা বাগান অধ্যুষিত। ওই এলাকায় সম্প্রতি চিতাবাঘ হানা দেয়। সেসময় রাস্তার কয়েকটি কুকুর চিৎকার করে এলাকাবাসীকে সতর্ক করে। সেই কুকুরদের এভাবে মেরে ফেলা গ্রামবাসীরাও মেনে নিতে পারছেন না। তবে, বিষ খাইয়ে রাস্তার কুকুর মারার ঘটনায় পশুপ্রেমীরা সরব হতেই অভিযুক্ত ব্যক্তি এলাকাছাড়া।