আমডাঙায় ঘরের ভিতর স্বামীর দেহ উদ্ধার, গ্রেপ্তার চিকিৎসক স্ত্রী
  • ২৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: আমডাঙায় রাইফেল ফ্যাক্টারির কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মঙ্গলবার। পুলিশ জানিয়েছে, মৃতের নাম তন্ময় জানা (৪৫)। তিনি প্রতিরক্ষা দপ্তরের অধীন রাইফেল ফ্যাক্টরির কর্মী ছিলেন। মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে স্ত্রী সুতপা জানাকে। তিনি পেশায় হোমিয়োপ্যাথি চিকিৎসক। তবে, এই ঘটনায় তাঁর ভূমিকা নিয়ে সংশয়ে পুলিশ।

Advertisement

স্থানীয়দের দাবি, দম্পতির মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না। ছেলেকে নিয়ে সুতপা আলাদা ঘরে থাকতেন। স্বামী থাকতেন অন্য ঘরে। মঙ্গলবার বাবার ঘরে গিয়ে ১২ বছরের ছেলে দেখে, বাবা অচৈতন্য অবস্থায় পড়ে। দেহের পাশে রক্ত পড়ে থাকতে দেখে, মাকে খবর দেয় সে। পরিবারের অন্য সদস্যরাও বাড়িতে আসেন। পুলিশের অনুমান, মৃত্যুর পর বেশ কিছুটা সময় কেটে গিয়েছিল। তবে ঠিক কবে মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের দাবি, পরিবারে দীর্ঘ দিন ধরে অশান্তি চলছিল। আর সেই অশান্তির সঙ্গে মৃত্যুর কোনো যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 
একই বাড়িতে থাকতেন স্বামী-স্ত্রী, তাহলে মৃত্যুর ব্যাপারে কেউ কিছু জানতে পারলেন না কেন? দেহের পাশে রক্তের দাগ এল কীভাবে? তন্ময়ের মৃত্যু ঘিরে উঠছে এমনই একাধিক প্রশ্ন। গ্রেপ্তারের আগে চিকিৎসক স্ত্রী সুতপার দাবি ছিল, অতিরিক্ত মদ্যপানের জেরেই মৃত্যু হয়ে থাকতে পারে স্বামীর। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। মৃতের বাবা খুনের অভিযোগ করেছেন। তার ভিত্তিতে স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ কিছু বিষয় আমরা তদন্ত করছি। এর মধ্যে কিছু রহস্য থাকতে পারে বলেও অনুমান তদন্তকারীদের।