বাতাসে জমে থাকা ধুলো, আতশবাজির ধোঁয়ায় শ্বাসকষ্ট, মাস্ক ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: শীত এখনও সেভাবে জাঁকিয়ে বসেনি। অথচ শহরের ঘরে ঘরে সর্দি-কাশি, শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে শুরু করেছে। বিশেষ করে কালীপুজোর পর থেকেই এই ধরনের উপসর্গ নিয়ে চিকিৎসকদের চেম্বার এবং সরকারি হাসপাতালে রোগীর ভিড় বাড়ছে। আক্রান্তদের মধ্যে শিশু থেকে প্রবীণ, সব বয়সের মানুষই রয়েছে। অনেকেরই হাঁপানি ও শ্বাসকষ্টের সমস্যা দেখা দিচ্ছে। চিকিৎসকদের মতে, শীতের মুখে শিলিগুড়িতে এই পরিস্থিতির পিছনে অন্যতম কারণ বাতাসে জমে থাকা ধুলো এবং আতশবাজির ধোঁয়া। 

Advertisement

সাধারণ মানুষের অভিযোগ, ঘরের ভিতরে কিংবা বাইরে বেরলেই এক ধরনের অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে, ঠিকমতো শ্বাস নেওয়া যাচ্ছে না। দম বন্ধ হয়ে আসার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। বিশেষ করে যাঁদের আগে থেকেই শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যা রয়েছে, তাঁদের ভোগান্তি আরও বেশি। 
শহরে সময়মতো বৃষ্টি না হওয়ায় দীর্ঘদিন ধরেই বাতাসে ধুলোর পরিমাণ বেড়েছে। দুর্গাপুজোর আগে মণ্ডপ ও তোড়ন তৈরির জন্য বিভিন্ন রাস্তায় খোঁড়াখুঁড়ি হয়েছে। সেই কাজের ফলে রাস্তার ধুলো জমে রয়েছে। বৃষ্টির অভাবে সেই ধুলো মাটিতে বসছে না। তারওপর কালীপুজোর রাতে শহরজুড়ে দেদার আতশবাজি ফাটানোয় বারুদের ধোঁয়া বাতাসে মিশেছে। ফলে দূষণের মাত্রা আরও বেড়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। 
এমনিতেই যানবাহনের সংখ্যা বৃদ্ধির কারণে শিলিগুড়ির বায়ুদূষণ নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। তারসঙ্গে রাস্তার ধুলো এবং বাজির ধোঁয়া যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। চেস্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ অরিত্র গঙ্গোপাধ্যায়ের মতে, ধুলো ও দূষণের কারণে ফুসফুসের নানা ধরনের সমস্যা বাড়তে পারে। শিশুদের মধ্যেও এই ধরনের উপসর্গ দেখা যাচ্ছে। ডাস্ট অ্যালার্জি অনেক ক্ষেত্রেই সর্দি-কাশি ও শ্বাসকষ্টের অন্যতম কারণ হয়ে উঠছে। 
চিকিৎসকদের বক্তব্য, বর্তমানে অনেক রোগীই শ্বাসকষ্ট ও হাঁপানির সমস্যা নিয়ে আসছেন। কিছু ক্ষেত্রে ওষুধে দ্রুত উপশম হচ্ছে না। দীর্ঘদিন চিকিৎসা চালিয়ে যেতে হচ্ছে। তাই এই পরিস্থিতিতে সতর্ক থাকা জরুরি। চিকিৎসকদের পরামর্শ, ধুলোবালি ও ধোঁয়া এড়িয়ে চলার পাশাপাশি বাইরে বের হলে মাস্ক ব্যবহার করতে হবে। একই সঙ্গে প্রয়োজনীয় সচেতনতা বজায় রাখা এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।