নয়াদিল্লি: এআই কী না পারে! যাবতীয় জটিল প্রশ্নের উত্তর, যে কোনো বিষয়ে পাতার পর পাতা লেখা, গবেষণা, তথ্য বিশ্লেষণ, অনুবাদ, গ্রাহকের মরজিমাফিক ছবি-কার্টুন-ভিডিয়ো তৈরি, কম্পিউটার প্রোগ্রামিং-কোডিং—সবই এখন কৃত্রিম বুদ্ধিমত্তার সৌজন্যে কয়েক সেকেন্ডের খেলা। এআই এখন মানুষের পরম বন্ধু। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অপরাধের ঘটনাও আর অজানা নয়। কিন্তু নিছক বিনোদন, পড়াশোনা, সহকারীর ভূমিকা পালনের বাইরে গিয়ে এআই কি পারবে মানুষের জীবন বাঁচাতে? বিশ্বের শীর্ষ এআই সংস্থা অ্যানথ্রোপিকের সিইও দারিও আমোদেই উত্তর দিচ্ছেন, ‘হ্যাঁ!’ কিন্তু কীভাবে? বর্তমানে অনেক প্রযুক্তি বিশেষজ্ঞেরই আশঙ্কা, মানবসভ্যতার জন্য বড়োসড়ো বিপর্যয় ডেকে আনতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। সম্প্রতি আবিষ্কৃত একাধিক এআই মডেলের সৌজন্যে সেই শঙ্কা আরও জোরালো হয়েছে। সেই সব জল্পনাকে পাত্তা দিতে রাজি নন দারিও আমোদেই। অ্যানথ্রোপিক সিইও রীতিমতো প্রতিশ্রুতি দিয়েছেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তির হাত ধরেই আগামী এক দশকের মধ্যে ক্যানসারের মতো দুরারোগ্য অসুখের ঠাঁই হবে ইতিহাসের পাতায়। জয় করা সম্ভব হবে অ্যালঝাইমার্স, হৃদরোগ, এমনকি মানসিক ব্যাধিও।’ এও কী সম্ভব? আমোদেই বলছেন, ‘আমরা যদি প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, তবে বহু বছর ধরে অমিমাংসিত সমস্যাগুলির সমাধান মিলতে পারে।’ শুধু আমোদেই নন, গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের প্রধান দেমিস হাসাবিসও মনে করেন, ‘যে ওষুধ তৈরি করতে একবছর লেগে যায়, এআই-র সাহায্যে তা মাত্র কয়েক সপ্তাহে শেষ করা সম্ভব। ফলে আগামী একদশকের মধ্যেই যাবতীয় রোগ পুরোপুরি নির্মূল বা তার ওষুধ তৈরি করা সম্ভব হবে।’ স্পেসএক্স কর্ণধার এলন মাস্কেরও দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তার দৌলতে মার্কিন প্রেসিডেন্টের সমমানের চিকিৎসা পরিষেবা পেতে পারেন সাধারণ মানুষ।
অ্যানথ্রোপিকের ‘ক্লড’ এআই মডেলটি বর্তমানে বিশ্বজুড়ে সমাদৃত। নতুন ওষুধ তৈরির কাজের বিভিন্ন স্তরে এআই কীভাবে গতি আনতে পারে, তা জানতে ছ’টি সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে সংস্থাটি। তাতে ইতিবাচক ফলও মিলেছে বলে তাদের দাবি। শীঘ্রই আমেরিকার বাজারে ক্লড চ্যাটবটের আইপিও আসতে চলেছে। তার আগে সংস্থাটির সিইও-র ক্যানসার নির্মূল করার দাবি ঘিরে শোরগোল চরমে। যদিও তাঁর সঙ্গে সহমত নন ওষুধ প্রস্তুতকারক সংস্থা ও চিকিৎসকদের একটা বড়ো অংশ। তাঁদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা ওষুধ আবিষ্কারের ক্ষেত্রে সাহায্য করলেও পরীক্ষা-নিরীক্ষা, প্রাণী ও মানবদেহের উপর ট্রায়ালের মতো বিষয়গুলি এড়ানো সম্ভব নয়। ফলে সব মিলিয়ে ১০-১২ বছর লাগবেই। মার্কিন ওষুধ নির্মাতা ভার্টেক্স ফার্মাসিউটিক্যালসের এগজিকিউটিভ চেয়ারম্যান জেফ লেইডেন বলেছেন, ‘৫০টি এআই সংস্থার সঙ্গে প্রায় ১০ হাজার ওষুধের যৌগ বিশ্লেষণ করেছি আমরা। তবে কোনোটিই কার্যকরী ওষুধ আবিষ্কার করতে পারেনি।’ বিশিষ্ট বিজ্ঞানী গ্যারি মার্কাস, হৃদরোগ ও ডিজিটাল মেডিসিন বিশেষজ্ঞ এরিক টোপোলরাও সাফ জানাচ্ছেন, এখনও পর্যন্ত এআই দিয়ে তৈরি কোনো ওষুধই চিকিৎসাক্ষেত্রে ব্যবহৃত হয়নি।


