৭ মেডিকেল কলেজে চালু হচ্ছে ডিসপ্লে বোর্ড,  কত বেড খালি, জানতে পারবেন রোগীরা
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২৫ নভেম্বরের পর কলকাতা ও লাগোয়া এলাকার সাত মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে ‘রিয়েল টাইম বেড অ্যাভেলেবিলিটি’। স্বাস্থ্যদপ্তর সূত্রে এই খবর জানা গিয়েছে। হাসপাতালগুলি হল কলকাতা মেডিকেল কলেজ, আর জি কর, পিজি, ন্যাশনাল, এন আর এস, সাগর দত্ত মেডিকল কলেজ এবং বারাসত মেডিকেল কলেজ। অর্থাৎ, তালিকার পাঁচটিই কলকাতার হাসপাতাল।

Advertisement

এছাড়াও শহরের তিনটি গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল সল্টলেক সুপারস্পেশালিটি (মহকুমা হাসপাতাল), বিদ্যাসাগর স্টেট জেনারেল এবং এম আর বাঙ্গুরেও শীঘ্রই শুরু হবে এই পরিষেবা। অর্থাৎ এই ১০ হাসপাতালে কত বেড ভরতি, কত খালি— প্রতি মুহূর্তে সেই সংক্রান্ত তথ্য জানা যাবে ডিসপ্লে বোর্ডে। পাশাপাশি, স্বাস্থ্যদপ্তরের পোর্টালেও রোগীদের ভরতি ও ছুটি সংক্রান্ত প্রতিটি তথ্য তোলা হবে। দপ্তর সূত্রের খবর, এর মধ্যে সাত মেডিকেল কলেজে ইতিমধ্যে ই-ডিসপ্লে বোর্ড লাগানো আছে। বাকি তিন সরকারি হাসপাতালে সেগুলি লাগানো হচ্ছে দ্রুত।     
এ বিষয়ে মঙ্গলবার এক জরুরি বৈঠক হয় স্বাস্থ্যভবনে। সেখানেই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। ২০ এবং ২৫ নভেম্বর—এই দুটি দিনকে ধাপে ধাপে এই কর্মকাণ্ড রূপায়ণের দিন বলে ঠিক করা হয়েছে। ২০ নভেম্বরের মধ্যে এই সাত হাসপাতালকে তাদের মোট কত বেডে রোগী ভরতি করানো হয়, তা জানাতে বলা হয়েছে। আর ২৫ তারিখের পর থেকে পুরোদমে চালু হয়ে যাবে ডিসপ্লে বোর্ড। জনসাধারণ দেখতে পারবেন, কত বেড খালি আছে। পাশাপাশি, প্রত্যেক রোগীর ভরতি এবং ছুটির তথ্য আপলোড হতে থাকবে স্বাস্থ্যদপ্তরের পোর্টালে। সেখান থেকেই ডিসপ্লে বোর্ডগুলিতে রিয়েল টাইম তথ্য মিলবে।