Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাসপাতালে কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার চিকিৎসক-পড়ুয়া

আর জি কর কাণ্ডের পর সহপাঠীদের সঙ্গে গড়ে তোলেন প্রতিবাদী মঞ্চ। গলা ফাটিয়েছিলেন ‘জাস্টিস’-এর জন্য।

হাসপাতালে কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার চিকিৎসক-পড়ুয়া
  • ১৪ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: আর জি কর কাণ্ডের পর সহপাঠীদের সঙ্গে গড়ে তোলেন প্রতিবাদী মঞ্চ। গলা ফাটিয়েছিলেন ‘জাস্টিস’-এর জন্য। সেই চিকিৎসক পড়ুয়া কিশোরী রোগীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন! ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বারাসত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে। অভিযুক্ত চিকিৎসক পড়ুয়ার নাম দীননাথ কুমার (৩২)। তিনি এই মেডিকেল কলেজের সার্জারি বিভাগের তৃতীয় বর্ষের পিজিটি চিকিৎসক। বাড়ি বিহারে। তিনি কলেজের হস্টেলে থেকেই পড়াশোনা করছিলেন। 

Advertisement

জানা গিয়েছে, মধ্যমগ্রামের বাসিন্দা ১৪ বছরের এক কিশোরীকে অ্যাপেন্ডিক্স অপারেশনের জন্য দু’দিন আগে ভর্তি করা হয়েছিল বারাসত হাসপাতালে। বুধবার ছিল তার অস্ত্রোপচার। অস্ত্রোপচারের পর প্রাথমিক চিকিৎসার দায়িত্বে ছিলেন চিকিৎসক পড়ুয়া দীননাথ কুমার। অভিযোগ, সেই সময়েই নাবালিকাকে শ্লীলতাহানি করেন তিনি। অভিযোগ অনুযায়ী, প্রাথমিক চিকিৎসার সময় দীননাথের অস্বাভাবিক আচরণে আতঙ্কিত হয়ে পড়ে মেয়েটি। পরে সে ঘটনাটি তার মাকে জানায়। এরপর কি করবেন বুঝতে পারেননি পরিবারের লোকজন। 
পরে পরিবারের সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দীননাথ কুমারের নামে। পুলিশ দীননাথকে বুধবার রাতেই গ্রেফতার করেছে। পকসো ধারায় তার নামে মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তকে বারাসত আদালতে তোলা হলে বিচারক জেল হেপাজতের নির্দেশ দেন। 
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে জেরা করা হয়েছে। পাশাপাশি কিশোরীর মেডিকেল পরীক্ষা ও গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এদিকে বারাসত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডক্টর অভিজিৎ সাহা বলেন, কিশোরীর পরিবার প্রথম থানায় অভিযোগ করে। সেই মতো পুলিশ ব্যবস্থা নিয়েছে। বৃহস্পতিবার বিকেলে আমাদের কাছে অভিযোগ এসেছে। গোটা ঘটনার তদন্ত করতে ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ টিম কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনার পর থেকেই বারাসত মেডিকেল কলেজে তীব্র চাঞ্চল্য। সহপাঠীদের একাংশ তাঁর এই কীর্তিতে কার্যত তাজ্জব। বৃহস্পতিবার দুপুরে বারাসত থানা থেকে দীননাথকে আদালতে নিয়ে যাওয়ার সময় এনিয়ে জানতে চাওয়া হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ