নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ফের শ্লীলতাহানির ঘটনা ঘটল নিউটাউনে। এবার দিনের আলোয় চলন্ত বাসের মধ্যে শ্লীলতাহানির শিকার হলেন আর জি কর হাসপাতালের এক রেসিডেন্ট চিকিৎসক। পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে সোমবার সকালে।
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ফের শ্লীলতাহানির ঘটনা ঘটল নিউটাউনে। এবার দিনের আলোয় চলন্ত বাসের মধ্যে শ্লীলতাহানির শিকার হলেন আর জি কর হাসপাতালের এক রেসিডেন্ট চিকিৎসক। পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে সোমবার সকালে।
চিকিৎসকের সঙ্গে একই আসনে বসেছিলেন এক পুরুষ যাত্রী। তিনিই শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। চিকিৎসক তরুণী প্রতিবাদ করলে অশ্রাব্য ভাষায় তাঁকে গালিগালাজও করা হয় বলে অভিযোগ। এরপর অবস্থা বেগতিক বুঝে অভিযুক্ত যাত্রী বাস থেকে নেমে গিয়েছিলেন। তরুণী চিকিৎসক টেকনো সিটি থানায় এই ঘটনার লিখিত অভিযোগ জানান। তার ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। অভিযুক্তের খোঁজ চলছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ন’টার সময় আর জি কর হাসপাতাল থেকে কে বি-১৬ রুটের একটি বাসে উঠেছিলেন তরুণী। নিউটাউনের একটি আবাসনে থাকেন তিনি। বাসে একটি অসংরক্ষিত আসনে বসেছিলেন। তাঁর পাশে বসেছিলেন ওই পুরুষ যাত্রী। চিকিৎসকের অভিযোগ, ওই ব্যক্তি কনুই দিয়ে অশোভনভাবে তাঁর শরীর স্পর্শ করেন। তিনি সরতে বলেছিলেন। কিন্তু ওই ব্যক্তি সরেননি। বাসটি বিশ্ববাংলা গেট পেরনোর পর অশালীন আচরণ মাত্রাছাড়া হয়ে পড়ে। তখন তরুণী চিকিৎসক প্রতিবাদ করেন। চিৎকারও করে উঠেন। কিন্তু অভিযুক্ত যাত্রী তাঁকে ‘নষ্ট মেয়েছেলে’, ‘যা তা মেয়েছেলে’ বলে অশালীন ভাষায় কটূক্তি করেন।
এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। একসময় অবস্থা বেগতিক বুঝে অভিযুক্ত যাত্রী কারিগরি ভবনের বাস স্টপে আচমকা নেমে যান। এরপর ওইদিনই চিকিৎসক তরুণী টেকনো সিটি থানায় যান। লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিস সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। যেহেতু অভিযুক্ত যাত্রী কারিগরি ভবন বাস স্টপে নেমে গিয়েছিলেন তাই ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে। যাতে অভিযুক্তকে শনাক্ত করা যায়। চিকিৎসক অভিযোগপত্রে বাসের নম্বর উল্লেখ করেন। ফলে ওই বাস থেকে নামা যাত্রীটিকে সহজেই চিহ্নিত করা যাবে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, কয়েক মাস আগেই নিউটাউনের বিশ্ববাংলা গেট সংলগ্ন এলাকায় এক নার্সের শ্লীলতাহানির ঘটনা ঘটেছিল। নার্স হাসপাতাল থেকে বেরিয়ে বাস ধরার জন্য সার্ভিস রোড ধরে হেঁটে যাচ্ছিলেন। এক যুবক সাইকেলে এসে তাঁর শ্লীলতাহানি করে চম্পট দিয়েছিল। এরপর ফের চলন্ত বাসের মধ্যে এক তরুণী চিকিৎসকের শ্লীলতাহানির ঘটনা। এই ঘটনায় শহরে চাঞ্চল্য ছড়িয়েছে।