নিজস্ব প্রতিনিধি, বরানগর: নাগেরবাজারের একটি হস্টেলে এক ডাক্তারের রহস্য মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অভিজিৎ সরকার (২৯)। তিনি ছিলেন নদীয়ার কালীগঞ্জের বাসিন্দা। কালীপুজোর বিকেলে তাঁর দেহ উদ্ধার হয়। তাঁর পরিবার খুনের অভিযোগ দায়ের করেছে। অভিযোগে বলা হয়েছে যে, খুনের আশঙ্কা প্রকাশসহ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেন অভিজিৎ। অন্যদিকে, মৃতের ঘর থেকে সুইসাইড নোট উদ্ধার হয়েছে বলে জানাচ্ছে পুলিশ। তদন্ত করা হচ্ছে সবদিক থেকেই। অভিজিৎ ২০২৪-এ এনআরএস থেকে এমবিবিএস। হাউসস্টাফশিপও তাঁর সেখানে। ঘোষপাড়া এলাকার একটি হস্টেলে সিঙ্গল রুমে থাকতেন। এমডি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। রবিবার বিকেলে অভিজিতের এক ডাক্তার বন্ধু পুলিশকে ফোনে জানান যে, অভিজিতের কোনো খোঁজ নেই! হস্টেলের বিশদ বিবরণও দেন ওই ব্যক্তি। হস্টেল কর্তৃপক্ষ পুলিশের ফোন পেয়েই অভিজিতের খোঁজ শুরু করেন। তাঁর রুমের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। শেষমেশ বলপ্রয়োগ করে দরজা খুলে অভিজিতের ঝুলন্ত দেহ আবিষ্কার করেন তাঁরা! ফ্যানের হুক থেকে দেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ওই হস্টেলের আবাসিকদের একাংশের দাবি, অভিজিৎ সরকার অন্যদের সঙ্গে বিশেষ একটা মেলামেশা করতেন না। দুদিন ধরে সমাজমাধ্যমে তাঁর একাধিক পোস্ট ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। কখনো তিনি লিখেছিলেন, ‘আমাকে মেরো না’, কখনো লিখেছেন ‘আমায় বাঁচাও, চাপ সৃষ্টি করা হচ্ছে’। মৃতের আত্মীয় প্রসেনজিৎ সরকার বলেন, ‘শনিবার রাতে এসএমএস করেছিল। ওকে ফোন ব্যাক করে সমস্যা জানতে চেয়েছিলাম। ভেবেছিলাম, পারিবারিক সমস্যায় আছে। সেটা পরে আমাকে জানাবেও বলেছিল। কিন্তু তার আগেই, রবিবার অভিজিতের মৃত্যুর খবরে হতবাক হয়ে গিয়েছি! এটা স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে না।’ আর এক আত্মীয় বলেন, ‘কোনো চক্র থাকতে পারে। আমরা নিরপেক্ষ তদন্ত চাই।’ হস্টেল মালিকের মেয়ে পায়েল সেনাপতি বলেন, ‘পুলিশের ফোন পেয়ে ওঁর রুমে যাই। ফোনে পুলিশের লোকও ছিলেন। পুলিশের পরামর্শে দরজায় পরপর ধাক্কা দিতেই ছিটকিনি খুলে যায়। দেহ দেখে পুলিশকর্মীকে সবটা জানাই। ওঁরা দ্রুত পৌঁছে দেহ উদ্ধার করেন। আমরাও চাই, মৃত্যুর কারণ খুঁজে বের করুক পুলিশ।’ পুলিশ কমিশনারেট সূত্রে জানানো হয়েছে, হস্টেল কর্তৃপক্ষ এবং হস্টেলের আবাসিকদের সঙ্গে কথা বলা হচ্ছে। যাচাই করা হচ্ছে মৃতের ফোনের তথ্য ও সুইসাইড নোট। প্রাথমিকভাবে আত্মহত্যার প্রবণতাই বেশি পাওয়া যাচ্ছে।



