নিজস্ব প্রতিনিধি, বরানগর: ডায়াগনস্টিক সেন্টারে ইউএসজি অ্যাসিস্টেন্টের কাজ করতেন নৈহাটির এক যুবতী। ওই যুবতীকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে। ওই যুবতীর অভিযোগ, চিকিৎসকের বিরুদ্ধে তিনি প্রথমে ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। কিন্তু কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ করেনি। এরপর পরিবারের সদস্যদের নিয়ে তিনি খড়দহ থানায় গিয়ে চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা গিয়েছে, সোদপুর-বারাসত রোডের অমরাবতী সংলগ্ন এলাকায় ওই ডায়াগনস্টিক সেন্টারটি রয়েছে। নৈহাটির যুবতী সেখানে চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে ইউএসজি টেকনিশিয়ান হিসাবে কাজ শুরু করেছিলেন। অভিযোগ গত দু’মাস ধরে ওই চিকিৎসক তাঁকে উত্যক্ত করার চেষ্টা করছিলেন। তিনি নানাভাবে তার প্রতিবাদও করেছিলেন। ভেবেছিলেন চিকিৎসক নিজেকে শুধরে নেবেন।
গত ২৮ তারিখ দুপুরে ফাঁকা ইউএসজি রুমে ওই চিকিৎসক আচমকাই তাঁকে যৌন নির্যাতন করেন। তিনি কোনোমতে ডাক্তারের হাত থেকে নিজেকে মুক্ত করেন। এরপর আতঙ্কে তিনি চিৎকার করতে করতে ওই ঘর থেকে বেরিয়ে তাঁর ভাইকে ফোন করেন। তাঁর ভাই দ্রুত এসে ক্লিনিক কর্তৃপক্ষের কাছে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ জানান। কিন্তু ক্লিনিক কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। এরপর তিনি খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ বিএনএসের ৭৫(২) যৌন নির্যাতনের ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।