নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কর্মসংস্থানের জন্য শিক্ষিত যুব সমাজকে শুধু সরকারের উপর নির্ভর করে থাকলে চলবে না। স্পষ্ট করলেন উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ডিগ্রিধারী সকলকেই সরকার চাকরি দিতে পারবে না। এটা কোথাও হয় না। জীবন কীভাবে কাটবে, যুব সমাজকেও তা ভাবতে হবে। শুক্রবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে উচ্চ শিক্ষামন্ত্রী এই কথা বলেন।
ভাষণে এবং পরে মন্ত্রী বলেন, ডিগ্রি প্রাপকরা এবার কর্মজীবনে প্রবেশ করবেন। কিন্তু চাকরি বাজারের জন্য তাঁরা কতটা তৈরি হতে পেরেছেন? তাঁরা নিয়োগের যোগ্য তো, নাকি সরকার কবে এসএসসি বা কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা নেবে, তার অপেক্ষায় রয়েছেন? ওই পরীক্ষাগুলির অপেক্ষায় থাকার মধ্যে কোনো অন্যায় নেই। কিন্তু সরকারের নেওয়া নির্দিষ্ট পরীক্ষার ভিত্তিতে কর্মজীবন কাটিয়ে দেওয়াটা শিক্ষার উদ্দেশ্য হতে পারে না।
সমাবর্তনে ডিগ্রি প্রাপকদের বিশেষ পোশাকের পরিবর্তন প্রসঙ্গে জগন্নাথ বলেন, সরকার তার মতামত বিশ্ববিদ্যালয়গুলিকে জানিয়েছে। এবার সিদ্ধান্ত তাদের। তাদের সমাবর্তনের সিদ্ধান্ত যাদবপুরই নেবে।
রবীন্দ্রভারতীর ৪৬তম সমাবর্তন অনষ্ঠিত হয় জোড়াসাঁকোয়। তিনবছরের মোট ১৯৪ জনকে পিএইচ ডি এবং চারজনকে ডি লিট দেওয়া হয়। সাম্মানিক ডি লিট দেওয়া হয় শাস্ত্রীয় সংগীতশিল্পী অজয় চক্রবর্তী এবং শিল্প ইতিহাসবিদ অধ্যাপক রতন পারিমোকে। দীক্ষান্ত ভাষণ দেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উপাচার্য স্বামী সর্বোত্তমানন্দ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধেও আচার্য আর এন রবি ভাষণ দিতে রাজি হননি। জানাচ্ছে বিশ্ববিদ্যালয় সূত্র।



