নাগপুর: রনজি ট্রফি ফাইনালের প্রথম দিনে দাপট বিদর্ভের। প্রথম ইনিংসে বড় রানের পথে এগচ্ছে তারা। বুধবার টস জিতে ব্যাট করতে নেমে দিনের শেষে বিদর্ভের সংগ্রহ ৪ উইকেটে ২৫৪। শতরান হাঁকিয়ে ক্রিজে রয়েছেন দানিশ মালেওয়ার। ২৫৯ বলে তাঁর অপরাজিত ১৩৮ রানের ইনিংস সাজানো ১৪টি চার ও ২টি ছক্কায়। দানিশের সঙ্গে ক্রিজে আছেন যশ ঠাকুর (অপরাজিত ৫)। অল্পের জন্য শতরান হাতছাড়া করেন করুণ নায়ার। ৮টি চার ও ১টি ছক্কা সহ ১৮৮ বলে ৮৬ রান করে রান আউট হন তিনি।
Advertisement
বিদর্ভ অবশ্য শুরুতেই ধাক্কা খেয়েছিল। প্রথম ওভারের দ্বিতীয় বলে এলবিডব্লু হন পার্থ রেখাদে (০)। প্রাথমিকভাবে আম্পায়ার আউট না দিলেও রিভিউতে সিদ্ধান্ত বদলান। অপর ওপেনার ধ্রুব শোরে (১৬) ও তিনে নামা দর্শন নালকান্ডেও (১) ব্যর্থ। ২৪ রানেই তিন উইকেট খুইয়ে রীতিমতো ধুঁকছিল বিদর্ভ। তবে চাপের মুখে দলকে টেনে তোলে দানিশ ও করুণের জুটি। চতুর্থ উইকেটে তাঁরা যোগ করেন ২১৫ রান। সম্প্রতি স্বপ্নের ফর্মে রয়েছেন করুণ নায়ার। বিদর্ভের বিজয় হাজারে ট্রফি জয়েও বড় অবদান ছিল তাঁর। রনজিতেও হাঁকিয়েছেন তিনটি শতরান। ফাইনালে যথারীতি জ্বলে উঠল তাঁর চওড়া ব্যাট। তবে ৮৬ রানে করুণ রান আউট হলেও দানিশ থামেননি। ১৬৮ বলে শতরান পূর্ণ করার পর দায়িত্ব সহকারে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। কেরলের হয়ে নিধেশ ২টি ও এডিন টম ১টি উইকেট নিয়েছেন।



