Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দিনের বেলাতেই আলমারি ভেঙে সোনা-রুপোর গয়না চুরি

দিনের বেলাতেই আলমারি ভেঙে সোনা-রুপোর গয়না চুরি
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেখলিগঞ্জ: দিনের আলোয় ফের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। বাড়িতে ঢুকে আলমারি ভেঙে সোনা ও রুপোর গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। মঙ্গলবার ঘটনাটি ঘটে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতে। 
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, জামালদহ-চ্যাংরাবান্ধা রাজ্য সড়কের পাশে ১৯১ নম্বর জামালদহে থাকেন পেশায় ক্ষুদ্র চা চাষি সুবোধ রায় মাঝি। তাঁর বাড়িতেই চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে জামালদহ ফাঁড়ির পুলিস। সুবোধবাবু এ বিষয়ে মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর স্ত্রী কুন্তী রায় মাঝি পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী। 
কুন্তীদেবী জানিয়েছেন, রোজকার মতো এদিনও স্বামীর বাইকে করে তিনি জামালদহে ডিউটিতে যান। সেই সময় বাড়িতে এক বয়স্ক মহিলা আত্মীয় ছিলেন। ওই আত্মীয় প্রতিবেশীর বাড়িতে ঘুরতে যান। সেই ফাঁকেই এই চুরির ঘটনা ঘটে। বাড়ির লোকের অনুমান, সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যেই ঘটনাটি ঘটেছে। প্রায় এক লক্ষ টাকার সোনার অলঙ্কার ছাড়াও নগদ ১৮ হাজার টাকা চুরি হয়েছে। 
এ ঘটনার জেরে এলাকায় তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে। মেখলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার জানিয়েছেন, লিখিত অভিযোগ জমা পড়েছে। ঘটনাস্থলে পুলিস গিয়েছিল। সবদিক খতিয়ে দেখা হচ্ছে। 
উল্লেখ্য, গত একবছরে একই কৌশলে দিনের আলোতেই জামালদহ ও পার্শ্ববর্তী এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটেছে। সেগুলির এখনও কিনারা করতে পারেনি পুলিস। এরই মধ্যে ফের চুরির ঘটনা ঘটায় ক্ষুব্ধ সাধারণ মানুষ।
সম্পর্কিত সংবাদ