সংবাদদাতা, তেহট্ট: রবিবার সকালে ঘরের তালা ভেঙে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল দুই মহিলা। ঘটনাটি ঘটেছে তেহট্ট থানার মালিয়াপোতা গ্রামে। স্থানীয় বাসিন্দারা ওই দুই মহিলাকে ধরে পুলিসের হাতে তুলে দেয়। ধৃত দুজন মহিলার নাম নিশা বেদ ও কাজল বেদ। ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া ২৫০০ টাকা উদ্ধার করেছে পুলিস। তারা পুলিসকে জানিয়েছে, তাদের বাড়ি পশ্চিম বর্ধমানের হীরাপুর থানা এলাকায়। তারা বিভিন্ন জায়গায় তাঁবু ফেলে বসবাস করে। রবিবার তাদের তেহট্ট আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালিয়াপোতার বাসিন্দা পলি মণ্ডল সকালে ঘরে তালা দিয়ে বাইরে গিয়েছিলেন। সেই সুযোগে ওই দুই মহিলা বাড়িতে ঢুকে পড়ে। একজন তালা ভেঙে ভিতরে ঢোকে। অন্যজন বাড়ির সামনে বসে থাকে। কিন্তু পলিদেবী কিছুক্ষণ পরেই বাড়ি ফিরে আসেন।। তিনি ঘরে ঢুকেই দেখেন এক মহিলা আলমারি ও শোকেস খুলে তছনছ করছে। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে আশেপাশের লোকজন এসে ওই দুই মহিলাকে ধরে ফেলে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বানজারারা এলাকায় তাঁবু ফেললেই চুরির ঘটনা বেড়ে যায়। সেই সময় দিনের বেলায় চুরি হয়ে যায়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। এবার তারা কৃষ্ণনগরে তাঁবু ফেলেছে। এদিন কৃষ্ণনগর থেকে ওই দুই মহিলা চুরি করতে গিয়ে ধরা পড়েছে। পুলিসের বিষয়টি খতিয়ে দেখা উচিত। তেহট্টের বেতাই এলাকায় পরপর চুরির ঘটনায় টহলদারি বাড়াল পুলিস। বেশি রাতে এলাকায় কাউকে রাস্তায় বা কোথাও বসে থাকতে দেখলেই তার পরিচয় জানতে চাওয়া হচ্ছে। সন্দেহ হলেই তার পরিচয়পত্রও দেখতে চাইছে পুলিস। বেশি রাতে কেউ বাড়ির বাইরে থাকলে তাকে ঘরে ফেরার কথাও বলা হচ্ছে।



