Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দিনহাটাতেই আটকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী

দিনহাটাতেই আটকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: দিনহাটাতেই আটকে রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর এই দপ্তরটির সূচনা করেছিলেন। শুরুতে গৌতম দেব এই দপ্তরের মন্ত্রী ছিলেন। পরবর্তীতে এই দপ্তরের মন্ত্রী হয়েছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। তাঁরা নিয়ম করে জেলায় জেলায় যেতেন। তিন বছর ধরে এই দপ্তরের মন্ত্রী রয়েছেন দিনহাটার দাপুটে নেতা উদয়ন গুহ। তাঁর হাতে থাকা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে চলতি অর্থবর্ষে ৭০০ কোটি টাকার কাজ হচ্ছে। ৪৫০ কোটি টাকার কাজের টেন্ডার হয়ে গিয়েছে। জানুয়ারির মধ্যে আরও ২৫০ কোটি টাকার টেন্ডার হয়ে ওয়ার্ক অর্ডার হবে। সেইসঙ্গে দপ্তর নতুন করে কর্মসংস্থানের কথা ভাবছে। বেকারদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কিন্তু এত কিছু হলেও মন্ত্রীকে দপ্তরের বিষয় নিয়ে সেভাবে জেলায় জেলায় ঘুরতে দেখা যায় না বলে বিভিন্নমহলের অভিযোগ। সব জেলায় প্রভাব পড়তে পারে এমন বড় কাজও দপ্তরের মাধ্যমে হচ্ছে না। এসব নিয়ে প্রশ্নও উঠছে। যদিও মন্ত্রীর দাবি, তিনি সময়মতো সব জেলাতেই যান। তবে তিনি অনেক মানুষের কাজে লাগে এমন কাজকেই গুরুত্ব দেন।
Advertisement
বর্তমান মন্ত্রীর কাজ নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি দপ্তরের প্রাক্তন দুই মন্ত্রী।  
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, এসব ভুল ধারণা। সব জেলাতেই গিয়েছি। ঘন ঘন যাওয়ার দরকার নেই। ইঞ্জিনিয়াররা দেখছেন। আমরাও লক্ষ্য রাখি। সম্প্রতি কোচবিহার ও আলিপুরদুয়ারে কাজের উদ্বোধন করেছি। আরও কিছু কাজের উদ্বোধন হবে। তখন আবার যাব। আমি স্থানীয় জনপ্রতিনিধিদের মতামতকে গুরুত্ব দিই। আধিকারিকদের সঙ্গে কথা বলে সাধ্যমতো অর্থ বরাদ্দ করি।এই দপ্তরের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব বলেন, এবিষয়ে কোনও মন্তব্য করব না।  উদয়নেরই জেলার বাসিন্দা এবং দপ্তরের অপর প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, আমি মন্ত্রী থাকালীন মাসে একবার করে জেলায় জেলায় ঘুরতাম। কোনও কোনও মাসে দু’বারও জেলায় যেতাম। এখনকার বিষয়ে কোনও মন্তব্য করব না।
উত্তর দিনাজপুরের বাসিন্দা বিজেপির রাজ্য কমিটির সদস্য বিশ্বজিৎ লাহিড়ি বলেন, বর্তমান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে রায়গঞ্জে কখনও দেখিনি। তিনি তো উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নন, তিনি দিনহাটার মন্ত্রী। তাই তিনি নিজের এলাকার বাইরে যান না। বাইরে গেলে যদি দিনহাটা হাতছাড়া হয়ে যায়!
উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর সূত্রে জানা গিয়েছে, চলতি অর্থবর্ষে বাজেট অনুসারে ৭০০ কোটিরও বেশি টাকার কাজ হবে। ৪০ কোটি টাকা খরচ করে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দেওয়া হবে। কারিগরি শিক্ষাদপ্তরের সঙ্গে যৌথভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। ফ্রুট প্রসেসিং, পর্যটন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ