সংবাদদাতা, দেওয়ানহাট: দিনহাটা পুরসভায় বিল্ডিং প্ল্যান পাশ দুর্নীতি কাণ্ডে এবার পুরসভার এক ক্যাশিয়ারকে ডেকে জিজ্ঞাসাবাদ করলেন তদন্তকারী পুলিস অফিসাররা। বৃহস্পতিবার এই প্রথম ক্যাশিয়ারকে ডাকা হল। পাশাপাশি পুরসভার এক গ্রুপ-ডি কর্মীকেও জিজ্ঞাসাবাদ করা হয়। এরআগে গত শনিবার দিনহাটা থানায় পুরসভার একজন ক্লার্ক, দু’জন গ্রুপ-ডি কর্মীকে তদন্তের স্বার্থে ডাকা হয়েছিল। উল্লেখ্য, এখনও পর্যন্ত আটজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইতিমধ্যেই পুরসভার নথিভুক্ত একজন ইঞ্জিনিয়ার, ওভারসিয়ার ও গ্রুপ-ডি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিস। তারা সকলেই পুলিস হেফাজতে রয়েছে।
Advertisement
পুরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী বলেন, পুলিস সঠিক পথেই তদন্ত করছে বলে মনে হচ্ছে। ওই ঘটনার সঙ্গে যারা জড়িত আমরা চাই তারা সকলেই গ্রেপ্তার হোক।



